নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের ডানা মেলতে সময় লাগে না। গত কয়েক দিন ধরে কিছু নামি-বেনামি ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডি থেকে প্রচার করা হচ্ছে, বাঁশখালীর সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম নাকি দ্বিতীয় ও তৃতীয় বিয়ে করেছেন। বিভিন্ন পোস্ট ও শেয়ারের মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।
বিষয়টির সত্যতা যাচাই করতে অনুসন্ধানে নামে বাঁশখালী টুডে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র এবং সংসদ সদস্যের বক্তব্য পর্যালোচনা করে কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি, যা দ্বিতীয় বা তৃতীয় বিয়ের দাবিকে সমর্থন করে। অনুসন্ধানে এসব প্রচারণার বাস্তব কোনো ভিত্তি মেলেনি।
এ বিষয়ে মাওলানা জহিরুল ইসলাম বাঁশখালী টুডেকে বলেন, “এসব সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। আমি সবাইকে অনুরোধ করবো, এমন গুজবে বিভ্রান্ত হবেন না। একজন দায়িত্বশীল ব্যক্তির কাজের সমালোচনা অবশ্যই করা যেতে পারে। কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে কাউকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা কিংবা হয়রানি করা কোনো সুনাগরিকের কাজ হতে পারে না।”
সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার এই সময়ে কোনো দাবি বা অভিযোগ প্রচারের আগে তার সত্যতা যাচাই করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। কারণ, ভিত্তিহীন তথ্য যেমন একজন ব্যক্তির সম্মান ক্ষুণ্ন করতে পারে, তেমনি সমাজে বিভ্রান্তি ও অবিশ্বাসের পরিবেশও তৈরি করতে পারে।