☰

বাঁশখালীর রহিমের নেতৃত্বে গরু চোর সিন্ডিকেট সক্রিয়, দুশ্চিন্তায় খামারিরা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বাঁশখালীর রহিমের নেতৃত্বে গরু চোর সিন্ডিকেট সক্রিয়, দুশ্চিন্তায় খামারিরা পটিয়ায় গরু চুরি করে জবাইয়ের পর মাংস নিয়ে পালানোর সময় আটক আবদুর রহিম
পাহাড়ে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য, বাঁশখালীর চন্দ্রপুরের গরু জবাইয়ের ঘটনার সঙ্গেও যোগসূত্রের সন্দেহ

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>>
পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে ভোরের আলো ফোটার আগেই জবাই করা হলো একটি গরু। এরপর বস্তাবন্দী মাংস নিয়ে পালানোর প্রস্তুতি। তবে শেষ রক্ষা হয়নি। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ধরা পড়েছেন আবদুর রহিম (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক। পালিয়ে গেছেন তাঁর সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। জবাই করা গরুটির আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন মালিক আইয়ুব মিয়া।

আটক আবদুর রহিম বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আবদুস সালামের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে দুই যাত্রীকে নিয়ে দক্ষিণ শ্রীমাই এলাকায় যান আবদুর রহিম। সেখানে তাঁদের নামিয়ে দিয়ে তিনি চলে যান। পরে ওই দুই ব্যক্তি এলাকার সৈয়দ ফজল চৌধুরীর বাড়ির আইয়ুব মিয়ার একটি গরু চুরি করে পাহাড়ে নিয়ে যান। বৃহস্পতিবার ভোরে গরুটি জবাই করে মাংস বস্তাবন্দী করেন তাঁরা। এরপর সেই মাংস নিয়ে পালানোর প্রস্তুতি চলছিল।

এ সময় জমিতে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশাটি দেখে সন্দেহ হয় স্থানীয় কৃষক রফিকের। তাঁর সন্দেহ থেকেই শুরু হয় খোঁজখবর। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আটক করা হয় চালক আবদুর রহিমকে। তবে এরই মধ্যে পালিয়ে যান অপর দুই ব্যক্তি।

স্থানীয়দের দাবি, আটকের পর আবদুর রহিম গরু চুরির বিষয়টি স্বীকার করেন। পরে জব্দ করা হয় গরুর মাংস ও সিএনজিচালিত অটোরিকশাটি। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খোঁজ নেওয়া হলে শনাক্ত হন গরুর মালিক আইয়ুব মিয়া।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত আলী জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আবদুর রহিমকে জিজ্ঞাসাবাদ করেন। গরু চুরি করে জবাইয়ের বিষয়টি স্বীকার করার পর তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গরুর মালিক আইয়ুব মিয়া বলেন, অন্য একজনের কাছ থেকে বর্গা নিয়ে গরুটি লালন-পালন করছিলেন তিনি। বর্তমানে গরুটির বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দীন বলেন, পাহাড়কেন্দ্রিক এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। এসব অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাঁশখালীর গরু জবাইয়ের ঘটনার সঙ্গেও যোগসূত্রের সন্দেহ

এদিকে, সম্প্রতি বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর বরপুরা এলাকায় পাহাড়ের ঢালুতে আট মাসের অন্তঃসত্ত্বা একটি গাভি জবাইয়ের ঘটনা ঘটে। গাভিটির তিনটি পা নিয়ে যায় দুর্বৃত্তরা। একটি পা ঘটনাস্থলে ফেলে যায় তারা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দক্ষিণ শ্রীমাইয়ে গরু চুরির ঘটনায় আটক আবদুর রহিমের সঙ্গে চন্দ্রপুরের ওই ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। 
133 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা