☰

বাঁশখালীতে ত্রাণ না পেয়ে সমাজসেবকের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

সোমবার, ২০ জুলাই ২০২৬
বাঁশখালীতে ত্রাণ না পেয়ে সমাজসেবকের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ অভিযুক্ত রাসেল
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে: বাঁশখালীতে বন্যার ত্রাণ না পেয়ে এক সমাজসেবকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মুবিনুল হক মুবিন।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পণ্ডিতকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগকারী মুবিনুল হক মুবিন পণ্ডিতকাটা এলাকার মৃত জাফর আহমদের ছেলে এবং রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-৩২৮২-এর সাবেক ডেপুটি গভর্নর।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে একই এলাকার জাকের হোসেনের ছেলে মো. রাসেল (৩৬), মৃত ওমর আলীর ছেলে আবদুর রহিম (৬২) এবং রাসেলের স্ত্রী বোরহানা আক্তারকে (৩০)।

লিখিত অভিযোগে বলা হয়, গত ১৭ জুলাই পুঁইছড়ি ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল ও পটিয়া এপেক্স ক্লাবের যৌথ উদ্যোগে ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী শেষ হয়ে যাওয়ায় বাকি কিছু অসহায় মানুষকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ত্রাণ বিতরণকে কেন্দ্র করে অভিযুক্তরা মুবিনুল হক মুবিন ও তার প্রয়াত পিতাকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন। পরে তারা মুবিনের বাড়িতে গিয়ে গেটে ধাক্কাধাক্কি, ইট-পাটকেল নিক্ষেপ এবং দালানঘরের জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় বাড়িতে থাকা তার বৃদ্ধা মাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার সময় মুবিনুল হক মুবিন ব্যবসায়িক কাজে চট্টগ্রাম শহরে অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় রাতভর চায়ের দোকানের আড়ালে মাদক কারবার পরিচালনার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে মুবিনুল হক মুবিন বলেন, “আমার বৃদ্ধা মা ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন। এখনও আমাকে ও আমার মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এসব হুমকির অডিও রেকর্ড আমার কাছে সংরক্ষিত রয়েছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।”

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
467 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা