নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম ইলশা এলাকার বকশি হামিদের নতুন বাড়ির সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম এর নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক এর তত্ত্বাবধানে বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ মিনার চৌধুরী প্রকাশ ইমন (২৭) ও মো. আকিব হোসেন (৩২) নামে দুইজনকে আটক করা হয়। এরমধ্যে মিনার চৌধুরী প্রকাশ ইমন উপজেলার বাহারছড়ার ইউনিয়নের মৃত আলী আহম্মদের ছেলে এবং মো. আকিব হোসেন নুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিনার চৌধুরী ওরফে ইমন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী। বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ও চকবাজার থানা জামায়াতের সেক্রেটারি সাদুর রশীদ চৌধুরীর ছোট ভাই মিনার চৌধুরী ওরফে ইমনকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি বিরাজ করছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।