নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
চট্টগ্রামের বাঁশখালীর কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, শিক্ষানুরাগী ও দানবীর মরহুম আলহাজ্ব মাস্টার নজির আহমদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ (২৭ জুন)।
১৯৩০ সালে বাঁশখালী উপজেলার নাপোড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষকতাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে দীর্ঘদিন দক্ষিণ বাঁশখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এবং অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত জীবনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন। ২০১৪ সালের ২৭ জুন ভারতের দিল্লির গুরগাঁওয়ের মেদান্টা মেডিসিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
শিক্ষা ও সমাজকল্যাণে তাঁর অবদান আজও বাঁশখালীবাসীর কাছে স্মরণীয়। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ, আম্বিয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসা, মাস্টার নজির আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোবেদা খাতুন হেফজ ও এতিমখানা, একাধিক মসজিদ এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান। তিনি চট্টগ্রামের পাঠকপ্রিয় দৈনিক পূর্বদেশ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন।
২০০৭ সালে প্রতিষ্ঠিত মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ বর্তমানে বাঁশখালীর অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটিতে অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে। এছাড়া তাঁর প্রতিষ্ঠিত মাস্টার নজির আহমদ ট্রাস্ট দীর্ঘ ১৫ বছর ধরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
মরহুম মাস্টার নজির আহমদের সন্তানদের মধ্যেও সমাজ ও শিল্পক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি স্মার্ট গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সিআইপি, চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি, নাপোড়া-শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান, স্মার্ট গ্রুপের পরিচালক আলহাজ্ব মাহফুজুর রহমান এবং পুইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তারেকুর রহমানের শ্রদ্ধেয় পিতা। তাঁর প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০টায় মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ মিলনায়তনে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী এবং সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী।
এছাড়া সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মরহুমের কবর জিয়ারত, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারুক বিতরণ করা হবে।
মাস্টার নজির আহমদের পরিবার, মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ এবং ট্রাস্টের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।