মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী:
বাঁশখালীর শেখেরখীলে নেজাম উদ্দিন নামে এক প্রভাবশালীর লালসার শিকার তরুণী ফাতেমা বেগম (১৩) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ভুক্তভোগী ফাতেমা শেখেরখীল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাহামনিখীল এলাকার মো. এরফানুল হকের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ঘটনার পর থেকে নেজাম উদ্দিন পলাতক রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নেজাম উদ্দিনকে একমাত্র আসামি করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ফাতেমার বোন জুবায়দা নাহার রিকু। সন্তানের ডিএনএ পরীক্ষার পর আগের মামলাটিও পিবিআই’র কাছে তদন্তাধীন রয়েছে। তিনি জানান, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছনুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চেমটখালী এলাকার ছৈয়দ আহমদের ছেলে নেজাম উদ্দিন ওরফে নেজাম মাঝি পার্শ্ববর্তী শেখেরখীল ইউনিয়নের বাংলাখালের ব্রীজের গোড়ায় বসতিস্থাপন করেন। নেজাম উদ্দিনের বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে থাকেন ভুক্তভোগী ফাতেমা বেগমের বড় বোন ও দুলাভাই আবদুল মান্নান মিস্ত্রি। সেই সুবাদে নেজামের বাড়িতে দুই বছর আগে গৃহকর্মীর কাজ নেন ফাতেমা। নেজাম ১ বছর পূর্বে তরুণী ফাতেমার সাথে অবৈধভাবে জোরপূর্বক যৌন স্বার্থ চরিতার্থ করেন। এতে ফাতেমা গর্ভবতী হয়ে পড়লে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম ইউনিটে তদন্তাধীন।
স্থানীয় সমাজপতি শহীদুজ্জামান চৌধুরী জানান, বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আমি উভয়পক্ষকে নিয়ে সালিশ বৈঠক করেছি। কিন্তু নেজাম উদ্দিন ফাতেমার গর্ভে থাকা সন্তানকে অস্বীকার করায় সমাধান সম্ভব হয়নি। পরে ওই মেয়ে বাদী হয়ে আদালতে মামলা করেছিল। আজকে এক মাস বয়সী কন্যা সন্তান রেখে ওই মেয়েটি আত্মহত্যা করেছে। যা অত্যন্ত দুঃখজনক।
গত ২৭ জানুয়ারি ফাতেমা একটি কন্যা সন্তান জন্ম দেন। এদিকে স্থানীয় প্রভাবশালীরা ফাতেমাকে একঘরে করার পাশাপাশি তাকে মামলা প্রত্যাহার করতে হুমকি দিয়ে আসছিলেন। ফলে রাতের যে কোন সময় অসহায় তরুণী আত্মহত্যা করেছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।
ঘটনার মূলহোতা নেজাম উদ্দিন ছনুয়া ৯নং ওয়ার্ডের মৌলভীবাজার পশ্চিম কুলের চেমটখালী এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।