নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
ভোরের নীরবতা তখনও পুরোপুরি কাটেনি। চারদিকে ছিল ফজরের পবিত্র আবহ। সেই শান্ত সকালেই বাহারছড়া ইউনিয়নে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। অজু করতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে প্রাণ হারালেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ফাহিমা তাসলিম সাদিয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে বাড়ির পাশের পুকুরঘাটে অজু করতে যান সাদিয়া। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—অজুর সেই পথই হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পা পিছলে কিংবা হোঁচট খেয়ে তিনি পুকুরে পড়ে যান।
কিছুক্ষণ পর ছোট বোন পুকুরে সাদিয়ার নিথর দেহ ভাসতে দেখে চিৎকার করে পরিবারের সদস্যদের খবর দেয়। স্বজনরা ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলেও ততক্ষণে সব শেষ। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পরিবারের আদরের সন্তান, সহপাঠীদের প্রিয় মুখ সাদিয়া।
নিহতের নানা মাওলানা রশিদ আহমদ জানান, সাদিয়া সাঁতার জানতেন না। ফলে পানিতে পড়ে আর উঠতে না পেরে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাদিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। যে মেয়ে উচ্চশিক্ষার স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সেই স্বপ্ন আজ থেমে গেছে পুকুরের নিস্তব্ধ জলে। তার অকাল প্রস্থান যেন আবারও মনে করিয়ে দিল—জীবন কতটা অনিশ্চিত, আর নিয়তির কাছে মানুষ কতটা অসহায়।