☰

সাধনপুরবাসীর ঋণ আমৃত্যু বহন করতে চান সালাহউদ্দিন কামাল

সোমবার, ১৫ জুন ২০২৬
সাধনপুরবাসীর ঋণ আমৃত্যু বহন করতে চান সালাহউদ্দিন কামাল সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম সালাহউদ্দিন কামাল— ফাইল ছবি: বাঁশখালী টুডে।
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
সময়ের স্রোতে পেরিয়ে গেছে চারটি বছর। দায়িত্বের দিনপঞ্জিতে যুক্ত হয়েছে অসংখ্য স্মৃতি, অর্জন ও চ্যালেঞ্জের গল্প। সেই পথচলার মোড়ে দাঁড়িয়ে সাধনপুর ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন বাঁশখালীর সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম সালাহউদ্দিন কামাল।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে তিনি ফিরে দেখেছেন নিজের রাজনৈতিক ও সামাজিক পথচলার নানা অধ্যায়। স্মরণ করেছেন ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে, যে নির্বাচনে ইউনিয়নবাসী তাকে বিপুল ভোটে নির্বাচিত করে জনসেবার দায়িত্ব অর্পণ করেছিলেন।

চেয়ারম্যান সালাহউদ্দিন কামাল লিখেছেন, শত প্রতিকূলতা ও বাধা-বিপত্তির মাঝেও সাধনপুরের মানুষ তার পাশে ছিলেন। তাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতার কারণেই তিনি জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। সেই ঋণ তিনি আমৃত্যু বহন করবেন বলেও উল্লেখ করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকে ইউনিয়নবাসীর প্রাপ্য নাগরিক সেবা নিশ্চিত করতে নিজের সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগের কথা তুলে ধরে তিনি বলেন, সমাজ ও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে সব পক্ষকে সন্তুষ্ট করা সম্ভব না হলেও ন্যায় ও সত্যের পথে থেকে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন বলে জানান তিনি।

একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নত সাধনপুর গড়ার স্বপ্নের কথাও উঠে এসেছে তার বক্তব্যে। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সামনে রেখে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয়ের কথা জানান তিনি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

চেয়ারম্যান সালাহউদ্দিন কামাল বলেন, সাধনপুরের উন্নয়ন কর্মকাণ্ড এখন দৃশ্যমান এবং চলমান। যদি কোনো নাগরিক মনে করেন উন্নয়নের সুফল থেকে তিনি বঞ্চিত হচ্ছেন, তাহলে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানান তিনি। জনগণের প্রশ্নের জবাব দিতে এবং সমস্যার সমাধানে পাশে থাকার আশ্বাসও দেন।

 তিনি লিখেছেন, সাধনপুরের আলো-বাতাসেই তার বেড়ে ওঠা। এই জনপদের মাটি, মানুষ, শৈশব ও কৈশোরের স্মৃতি তার অস্তিত্বের সঙ্গে মিশে আছে। তাই সাধনপুর শুধু একটি ইউনিয়নের নাম নয়, এটি তার পরিচয়, তার আত্মার ঠিকানা।
416 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা