নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
৪৭তম বিসিএসে তথ্য ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর কৃতি সন্তান মিনহাজুল আবেদীন। তার এ সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।
মিনহাজুল আবেদীনের শিক্ষাজীবনের সূচনা হয় বাঁশখালীর ছনুয়া বালুখালী মোছাদ্দেকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি কৃতিত্বের সঙ্গে বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রি কলেজে অধ্যয়নের সুযোগ পান। আলাওল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি এর আগে ৪৯তম বিসিএস (শিক্ষা ক্যাডারে) সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।
মিনহাজুল আবেদীন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উমেদ আলী পাড়ার বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তথ্য ক্যাডারে তার এই সাফল্য এলাকার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।