নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
চট্টগ্রামের বাঁশখালীতে দুই সিএনজিচালিত অটোরিকশার ওভারটেকিংকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
রোববার (৬ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা অপর একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজিতে থাকা যাত্রী মো. জুয়েল রানা (২৭) গুরুতর আহত হন। একই ঘটনায় আহত হন রেজাউল করিম (৪৫)।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। আহত রেজাউল করিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত জুয়েল রানা বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারের দোকান এলাকার বাসিন্দা। তিনি শামসুল হকের ছেলে। আহত রেজাউল করিম একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা। তিনি আব্দুস সোবহানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জুয়েল রানা বাঁশখালী পৌরসভার লতিফ মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। রোববার সকালে দোকানে যাওয়ার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।
জুয়েল রানার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মৃত্যুর আগে তিনি লিখেছিলেন, “মানুষের পরিবর্তন মৃত্যুর মতোই, যেকোনো সময় হতে পারে।”
তার আকস্মিক মৃত্যুতে স্বজন, বন্ধু ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, দুর্ঘটনার পর ঘাতক সিএনজিটি স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।