নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>> বাঁশখালীতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন আবদুল মালেক (৬০) নামে এক ব্যক্তি। বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বোচারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মালেক ওই এলাকার মৃত মকবুল সোবহানের ছেলে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জমির সীমানা নিয়ে আবদুল মালেকের সঙ্গে তাঁর চাচাতো ভাই জাকের হোসেনের কথা-কাটাকাটি হয়। জাকের হোসেন মৃত নজির আহমদের ছেলে। এ সময় বিরোধের জেরে তাঁকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন জাকের হোসেন।
পরে দুপুর ২টার দিকে মসজিদে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন আবদুল মালেক। পথে আগে থেকে ওত পেতে থাকা জাকের হোসেন তাঁর ওপর অতর্কিত হামলা চালান। লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আবদুল মালেক। একপর্যায়ে সেখানেই তাঁর মৃত্যু হয়।
নিহতের আরেক চাচাতো ভাই ফরিদুল আলম বলেন, আবদুল মালেক ও হামলাকারী জাকের হোসেন দুজনই আমার চাচাতো ভাই। জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরেই জাকের হোসেনের লাঠির আঘাতে ঘটনাস্থলে আবদুল মালেকের মৃত্যু হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।