☰

সাংবাদিক বেলাল উদ্দিনের ২৪তম জন্মদিন আজ

শুক্রবার, ১৫ মে ২০২৬
সাংবাদিক বেলাল উদ্দিনের ২৪তম জন্মদিন আজ সাংবাদিক মোহাম্মদ বেলাল উদ্দিন— ফাইল ছবি
আবদুল লতিফ, বাঁশখালী টুডে: 
আবেগ, সংগ্রাম ও সাফল্যে গড়া এক তরুণ সাংবাদিকের নাম মোহাম্মদ বেলাল উদ্দিন। আজ বাঁশখালীর এই প্রথিতযশা তরুণ সাংবাদিকের ২৪তম জন্মদিন। ২০০২ সালের এই দিনে তিনি ছনুয়া ইউনিয়নের মধুখালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তাঁর পিতা মরহুম মাস্টার জাফর আহমদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। উপকূলীয় অঞ্চলে শিক্ষা বিস্তারে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্থানীয়রা। ২০১১ সালে বেলাল উদ্দিন পিতা হারা হন। বেলাল উদ্দিনের দাদা মরহুম মাওলানা আবদুল হাকিম (রহ.) ছিলেন একজন হক্কানি রাব্বানী আলেমেদ্বীন। দক্ষিণ বাঁশখালীজুড়ে তিনি ‘মৌলভী সাহেব’ নামে সুপরিচিত ছিলেন। ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে তাঁর অবদান এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছে।

বর্ণাঢ্য শিক্ষাজীবন
২০০৮ সালে ছনুয়া মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলাল উদ্দিনের শিক্ষাজীবনের সূচনা হয়। প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর তিনি ভর্তি হন রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ে। সেখানে সপ্তম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন শেষে অষ্টম শ্রেণিতে ভর্তি হন ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ে।

ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় থেকে তিনি ২০১৮ সালে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। পরবর্তীতে ভর্তি হন উপমহাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ স্যার আশুতোষ সরকারি কলেজে। সেখান থেকে এইচএসসি সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন পটিয়া সরকারি কলেজে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা সাহিত্য বিভাগ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন।

সাংবাদিকতা ও কর্মজীবন
বেলাল উদ্দিনের লেখালেখির হাতেখড়ি হয় ছাত্রজীবনেই। সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালীন সময় থেকেই তিনি সংবাদপত্রে লেখালেখি শুরু করেন। তিনি সাপ্তাহিক অগ্রযাত্রা, সাপ্তাহিক বাঁশখালীর খবর, মাসিক আলোকিত বাঁশখালী, দৈনিক আনন্দবাজার, বার্তা বাজার, খোলা কাগজ ও ধ্রুববাণীসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সফলতার সঙ্গে কাজ করেছেন।

বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সময়ের আলো এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত একুশে পত্রিকার বাঁশখালী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জাতীয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর বাঁশখালী প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন।

এছাড়াও তিনি বাঁশখালীর জনপ্রিয় ও বহুল পঠিত অনলাইন নিউজ পোর্টাল বাঁশখালী টুডের সম্পাদক ও প্রকাশক। অল্প সময়ের মধ্যেই তাঁর সম্পাদনায় পোর্টালটি পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

সাহসী সাংবাদিকতায় একাধিকবার চ্যালেঞ্জের মুখোমুখি

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে বেলাল উদ্দিনকে একাধিকবার মামলা, হামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। ২০২০ সালে ছনুয়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান হারুনুর রশীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে তিনি অপহরণের শিকার হন। পরে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাঁকে হারুনের বাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে হারুনের ৫ সহযোগীর নাম উল্লেখ করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।

এছাড়াও সাংবাদিকতা করতে গিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে তিনটি আইসিটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার করেন।

শুভ জন্মদিন
সাহসী, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ইতোমধ্যে তরুণ সমাজের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন মোহাম্মদ বেলাল উদ্দিন। তাঁর ২৪তম জন্মদিনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠকমহলের পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হচ্ছে।

আগামী দিনেও সত্যকে ধারণ করবেন; এমন আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বেলাল উদ্দিন বলেন, ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করে যাবো দেশ ও দশের কল্যাণে। যত বাধা-বিপত্তি আসুক, বাধার দেয়াল ডিঙিয়ে সত্যের খাদেম হয়ে থাকবো আজীবন।
282 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা