নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>> অজপাড়াগাঁয়ের মেঠোপথ পেরিয়ে স্বপ্নের সিঁড়ি বেয়ে সাফল্যের শিখরে বাঁশখালীর মেয়ে আইমন নওরিন। সদ্য প্রকাশিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মানবিক বিভাগে সম্মিলিত মেধা তালিকায় অষ্টম স্থান অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে সে। জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি ১১৩৫ নম্বর অর্জন করে নিজের মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখেছে নওরিন।
নওরিন বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি গ্রামের কাচারিপাহাড় এলাকার মুহাম্মদ ইউনুস সওদাগরের মেয়ে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সে বাঁশখালীর ঐতিহ্যবাহী মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে অংশ নেয়।
নওরিনের বাবা মুহাম্মদ ইউনুস সওদাগর পুঁইছড়ি প্রেমবাজারে ব্যবসা করেন। প্রত্যন্ত গ্রামীণ জনপদ থেকে উঠে আসা মেয়ের এমন অভাবনীয় সাফল্যে আনন্দে আত্মহারা তিনি। মেয়ের অর্জনকে নিজের কৃতিত্ব হিসেবে দেখতে নারাজ এই বাবা। বরং মেয়ের নিরলস পরিশ্রমকেই সাফল্যের মূল চাবিকাঠি মনে করেন তিনি।
মুহাম্মদ ইউনুস সওদাগর বলেন, ‘এই কৃতিত্ব আমার নয়, এটা আমার মেয়ের। সে যথেষ্ট কষ্ট করেছে। কষ্ট তার, ফলাফলও তার।’
এদিকে একই কলেজ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ব্যবসায় শিক্ষা বিভাগে মেধা তালিকায় ৫৬তম স্থান অর্জন করেছে সামিয়া আফরিন। তার বাড়ি কুমিল্লা জেলায়।
দুই শিক্ষার্থীর এমন সাফল্যে গৌরবের আলোয় উদ্ভাসিত হয়েছে মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ। বিশেষ করে প্রত্যন্ত পুঁইছড়ির মেয়ে নওরিনের এই অর্জন প্রমাণ করেছে-স্বপ্ন দেখার জন্য বড় শহরের ঠিকানা লাগে না, প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় আর নিরলস পরিশ্রম।