☰

মেধাবীদের সম্মান দিল বাঁশখালীর মাস্টার নজির আহমদ ট্রাস্ট

রবিবার, ৩০ আগস্ট ২০২৬
মেধাবীদের সম্মান দিল বাঁশখালীর মাস্টার নজির আহমদ ট্রাস্ট বাঁশখালীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য তারেকুর রহমান।
মেধার স্বীকৃতি হিসেবে প্রাইজবন্ড পেল ১৬১ জন; অভিভাবকদেরও ছিল আন্তরিক আপ্যায়ন

মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী>>
মেধার আলোয় যারা আলোকিত করেছে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রিয় বাঁশখালীকে; সেই কৃতী সন্তানদের সম্মান জানিয়ে পাশে দাঁড়িয়েছে মাস্টার নজির আহমদ ট্রাস্ট। শুধু ভালো ফলাফল নয়, মেধাবীদের স্বপ্নকে আরও দূর এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে সম্মাননা ও পুরস্কার।

২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় বাঁশখালীর বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) মাস্টার নজির আহমদ কলেজ মিলনায়তনে বসে এক প্রাণবন্ত আয়োজন। শিক্ষার্থীদের মুখে ছিল সাফল্যের হাসি, আর অভিভাবকদের চোখে ছিল সন্তানদের নিয়ে গর্বের দীপ্তি।

মাস্টার নজির আহমদ কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মুফিদুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য ও পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশারফ হোছাইন, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, হাজিগাঁও বরুমছড়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবদুল খালেক এবং চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মো. ওয়ালী উল্লাহ।

অনুষ্ঠানে মাস্টার নজির আহমদ কলেজের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক তুষার কান্তি ভারতী। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বাঁশখালী হামিদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী তানিয়া মাশকুরা, নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাছকিয়াতুল জান্নাত, চাম্বল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাঈদাতুন নুর ইশমা, বাঁশখালী সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. রুকন এবং বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনাস বিন ফারুক।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. আবদুল কাদের বলেন, ‘ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে যেন পরিবার, সমাজ ও দেশ তাদের নিয়ে গর্ব করতে পারে।’

তিনি বলেন, শুধু পরীক্ষার খাতায় ভালো ফলাফল করলেই সাফল্য পূর্ণতা পায় না; মানুষের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা। মরহুম আলহাজ্ব মাস্টার নজির আহমদ ও তাঁর পরিবার যেভাবে মানবিকতা ও সমাজসেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন, শিক্ষার্থীদেরও সেই আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের সবচেয়ে আনন্দঘন মুহূর্তে ১৬১ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে ১৫৮ জনের হাতে ট্রাস্টের পক্ষ থেকে তুলে দেওয়া হয় দুই হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড। একই সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ কলেজের একটি নন্দিত ম্যাগাজিন উপহার দেওয়া হয়। পুরস্কার হাতে শিক্ষার্থীদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক, আর সেই আনন্দ ছুঁয়ে যায় উপস্থিত অভিভাবকদের হৃদয়ও।

শুধু মেধাবীদের সম্মান জানানোতেই থেমে থাকেনি আয়োজন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩২৬ জন অভিভাবক এবং ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি। দূর-দূরান্ত থেকে আসা অতিথিদের জন্য ছিল আন্তরিক আপ্যায়নের ব্যবস্থা। মধ্যাহ্নভোজের মাধ্যমে অভিভাবক ও অতিথিদের আপ্যায়ন করা হয় এবং আগত প্রতিষ্ঠান প্রধানদের যথাযথ সম্মান জানানো হয়।

মেধার স্বীকৃতি, শিক্ষার প্রতি উৎসাহ এবং মানবিক মূল্যবোধের চর্চা; এই তিনের সমন্বয়ে যেন এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বুনল মাস্টার নজির আহমদ ট্রাস্টের এ আয়োজন।

ট্রাস্টের সদস্য সচিব আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি জানান, মেধাবীদের উৎসাহিত করার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাঁর এ বার্তায় স্পষ্ট; বাঁশখালীর মেধাবী সন্তানদের স্বপ্নযাত্রায় পাশে থাকার প্রত্যয়েই এগিয়ে যেতে চায় মাস্টার নজির আহমদ ট্রাস্ট।
226 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা