☰

কঠিন রোগে আক্রান্ত তিন ব্যক্তির অসহায়ত্ব নাড়া দিল শীলকূপের প্রবাসীদের

সোমবার, ১৫ জুন ২০২৬
কঠিন রোগে আক্রান্ত তিন ব্যক্তির অসহায়ত্ব নাড়া দিল শীলকূপের প্রবাসীদের সোমবার তিন রোগীর হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়— ছবি: বাঁশখালী টুডে।
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
‘মানুষ মানুষের জন্য’— এই চিরন্তন সত্যকে আবারও বাস্তবে রূপ দিলেন সুদূর আফ্রিকার দেশ মোজাম্বিকে অবস্থানরত একঝাঁক প্রবাসী। হাজার মাইল দূরে থেকেও জন্মভূমির মানুষের দুঃখ-কষ্টকে নিজেদের হৃদয়ে ধারণ করে অসহায় তিন রোগীর পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।

শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আশিঘরপাড়ার বাসিন্দা মোহাম্মদ শফিউল আলম (শাহ্ আলম)। একান্নবর্তী পরিবারের সুখ-শান্তির জীবন হঠাৎ থমকে যায় যখন তার শরীরে ধরা পড়ে মরণঘাতী ক্যানসার। চিকিৎসার ব্যয়ভার বহনের সামর্থ্য না থাকায় তিনি যখন দিশেহারা, ঠিক তখনই আশার প্রদীপ হয়ে এগিয়ে আসে প্রবাসীদের সংগঠন শীলকূপ মানবিক ফাউন্ডেশন (মোজাম্বিক)।

শুধু শাহ্ আলমই নন, একইভাবে কঠিন রোগে আক্রান্ত শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহল্লাপাড়ার বাসিন্দা আবদুর রহমান ও নুর হোসেনের দুর্দশাও নাড়া দেয় প্রবাসীদের হৃদয়কে। তাদের চিকিৎসা সহায়তায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই অনুদান রোগীদের হাতে তুলে দেওয়া হয়। অর্থ সহায়তা প্রদান শেষে রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে এবং মানবতার সেবায় নিয়োজিত মোজাম্বিক প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশনের সদস্য ও প্রবাসী নিজাম উদ্দিন সিকদার, রমিজুর রহমান, রিয়াজ উদ্দীন, নুর হোসেন, টিপু, সাজ্জাদ হোসেনসহ আরও অনেকে।

এদিকে হাজার মাইল দূরে মোজাম্বিক থেকে ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত হন সংগঠনের পৃষ্ঠপোষক ও বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক আনিছুর রহমান। তিনি বলেন, “একে অন্যের হাত ধরি, দারিদ্রমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে ধারণ করেই মোজাম্বিকে অবস্থানরত শীলকূপের প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে শীলকূপ মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নিয়মিতভাবে অসহায়, দুঃস্থ, রোগাক্রান্ত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।

তিনি আরও জানান, এটি সংগঠনের ১৪তম সহায়তা কার্যক্রম। এর আগে শীলকূপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মাঝে তিন লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।

সংগঠন সূত্রে জানা গেছে, শীলকূপ মানবিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে হতদরিদ্র, অসুস্থ রোগী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এবং অসহায় মেয়েদের সহায়তায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। প্রতি মাসেই তিন থেকে চারজন অসহায় মানুষের হাতে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে।

মানবতার এই পথচলায় প্রবাসীরা যেন হয়ে উঠেছেন দূর আকাশের উজ্জ্বল নক্ষত্র। দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও তাদের হৃদয়ের স্পন্দন আজও শীলকূপের মাটি ও মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর সেই ভালোবাসার স্পর্শে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন অসহায় ও দুস্থ মানুষগুলো।
242 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা