নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর পুকুরিয়া চাঁদপুর বাজারের দক্ষিণ পাশে মালবাহী একটি ট্রাক হঠাৎ উল্টে গেলে প্রধান সড়কে যান চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটে। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রী ও স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি মালামাল বহন করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাঁশখালীর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি সেখানে উপস্থিত থেকে দুর্ঘটনার খোঁজখবর নেন এবং দ্রুত সড়ক থেকে ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেন।
পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ট্রাকটি সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।