☰

বাঁশখালীতে এনসিপির পালে নতুন হাওয়া

শনিবার, ০৯ মে ২০২৬
বাঁশখালীতে এনসিপির পালে নতুন হাওয়া বাঁশখালীতে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ এনসিপিতে যোগদান করে— ছবি বাঁশখালী টুডে।
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে ধীরে ধীরে নতুন সমীকরণ তৈরি করছে জাতীয় নাগরিক পার্টি। বিশেষ করে তরুণ প্রজন্ম, পেশাজীবী ও নাগরিক সমাজের অংশগ্রহণে বাঁশখালীতে দলটির সাংগঠনিক কার্যক্রমে দেখা যাচ্ছে নতুন গতি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে প্রচলিত রাজনৈতিক বলয়ের বাইরে নতুন নেতৃত্ব ও নতুন বয়ানের যে চাহিদা তৈরি হয়েছে, এনসিপি সেই জায়গাটিকে কাজে লাগানোর চেষ্টা করছে। বাঁশখালীর মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উপজেলায় শিক্ষিত তরুণ, ব্যাংকার, আইনজীবী ও প্রবাসী উদ্যোক্তাদের অংশগ্রহণ দলটির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‘নয়া রাজনৈতিক বন্দোবস্ত’ এবং জুলাই গণঅভ্যুত্থান-এর চেতনাকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অর্ধশতাধিক তরুণ নেতা, পেশাজীবী ও সম্মানিত নাগরিক।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি সাংগঠনিক যোগদান নয়; বরং বিকল্প রাজনৈতিক ধারার প্রতি সাধারণ মানুষের আগ্রহেরও বহিঃপ্রকাশ।

সম্প্রতি বাঁশখালীতে অনুষ্ঠিত বর্ণাঢ্য যোগদান ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সাকিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নেতা মোহাম্মদ মিনহাজ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মাশফিকুর রহমান মিশকাত।

সভায় দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে একটি জনমুখী, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয়ে এনসিপিতে যোগ দেন বাঁশখালী আদালতের আইনজীবী এডভোকেট রাকিবুল ইসলাম, সিনিয়র ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, নিরাপদ সড়ক আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি আব্বাস খান, বাঁশখালী ছাত্র সংস্থার সাবেক সভাপতি তাওহিদুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলাম, মাস্টার রিফাত হোসেন, সাইয়্যেদ মো. আবু জাবের, ব্যাংকার মোহাম্মদ আমির হোসাইন, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ ফরমান উল্লাহ, মো. আলী, মোহাম্মদ রোহান উদ্দিন, প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ আয়াতুল্লাহ, হিজবুর রহমান, মোহাম্মদ আরকানুল ইসলাম ও আমজাদ হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার আরও অর্ধশতাধিক ব্যক্তি।

নতুন সদস্যদের স্বাগত জানিয়ে জাওয়াদুল করিম বলেন, “নতুন রাজনীতির স্বপ্ন দেখা নাগরিক ও তরুণ নেতৃত্ব আজ এনসিপির পতাকাতলে সমবেত হচ্ছেন। এটি আমাদের জন্য যেমন আশাব্যঞ্জক, তেমনি দায়িত্বও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের লক্ষ্য—জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়া।”

তিনি আরও বলেন, “এই দেশের প্রকৃত মালিক জনগণ। জনপ্রতিনিধিরা জনগণের সেবক মাত্র। জনগণের অধিকার ও মালিকানা পুনঃপ্রতিষ্ঠার রাজনীতিই করছে এনসিপি।” বক্তব্যে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ‘দুর্গম গিরি, কান্তার-মরু’ কবিতার প্রসঙ্গ টেনে বর্তমান রাজনৈতিক লড়াইকে “ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম” হিসেবে উল্লেখ করেন।

 তাঁর ভাষায়, “এটি কেবল ক্ষমতার পালাবদলের আন্দোলন নয়; বরং পুরোনো রাজনৈতিক কাঠামো ভেঙে একটি বৈষম্যহীন সমাজ গড়ার লড়াই।”

সভায় বক্তারা দাবি করেন, শুধু বাঁশখালী নয়, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে এনসিপি নিয়ে আগ্রহ বাড়ছে। বিশেষ করে তরুণ ভোটার ও পেশাজীবীদের সম্পৃক্ততা দলটির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন তারা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বাঁশখালী উপজেলা নেতৃবৃন্দ আব্দুল আলিম, রিয়াজ উদ্দিন, আব্দুস সামাদ, ছৈয়দ মোহাম্মদ হোসাইন (ফাহিম), তাওহীদুল ইসলাম প্রমুখ। নেতারা আশা প্রকাশ করেন, নতুন যুক্ত হওয়া তরুণ ও পেশাজীবী নেতৃত্বের হাত ধরে বাঁশখালীতে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ‘নয়া রাজনৈতিক বন্দোবস্ত’-এর আন্দোলন আরও বেগবান হবে।
403 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা