নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালীতে সাহেবেরহাট এলাকায় এস আলম পরিবহনের একটি বাসের ধাক্কায় তাহমিনা আক্তার (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের সাহেবের হাটের দক্ষিণ পাশে পিএবি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ইউপি সদস্য মোহাম্মদ এজাজের বরাতে জানা যায়, সন্ধ্যার দিকে তাহমিনা তার পুরাতন বাড়ি দক্ষিণ সাধনপুর থেকে ভাইয়ের মোটরসাইকেলে করে লটমনি গ্রামের নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে সাহেবের হাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে চট্টগ্রামগামী এস আলমের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাহমিনা সড়কে ছিটকে পড়ে বাসের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত তাহমিনা সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবজল আহমদের তৃতীয় কন্যা।
রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।