☰

বিজ্ঞান বিভাগের অনুমতি পেল শেখেরখীল ইসলামিয়া দাখিল মাদ্রাসা

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
বিজ্ঞান বিভাগের অনুমতি পেল শেখেরখীল ইসলামিয়া দাখিল মাদ্রাসা বিজ্ঞানের আলোয় আলোকিত হওয়ার নতুন দ্বার উন্মোচন
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>>
দ্বীনি শিক্ষার ঐতিহ্য আর আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে বাঁশখালীর ঐতিহ্যবাহী শেখেরখীল ইসলামিয়া দাখিল মাদ্রাসা। দাখিল স্তরে বিজ্ঞান বিভাগ চালুর অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে মাদ্রাসাটির শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানের জগতে বিচরণের নতুন সুযোগ সৃষ্টি হলো।

গত ১ জানুয়ারি থেকে কার্যকর হিসেবে বিজ্ঞান বিভাগ খোলার এ অনুমতি দেওয়া হয়েছে। গত ৫ অক্টোবর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা পরিদর্শক নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে অনুমোদনের বিষয়টি জানাজানি হয় বুধবার।

প্রজ্ঞাপনে বিজ্ঞান বিভাগ চালুর অনুমতি দেওয়ার পাশাপাশি কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। শর্ত অনুযায়ী, অনুমোদিত প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকার বহন করবে না; সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই তা পরিশোধ করতে হবে। এ ছাড়া সরকার নির্ধারিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণসহ প্রয়োজনীয় সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এমপিওভুক্তির জন্য আবেদন করা যাবে না। আরোপিত শর্ত পালনে ব্যর্থ হলে সরকার বা শিক্ষা বোর্ড এ অনুমতি বাতিল করতে পারবে।

অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নোমান বলেন, ‘প্রাচীন ও ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি পাওয়ায় শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। তারা বিজ্ঞানের আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে।’

ঐতিহ্যের শিকড়ে, শিক্ষার নতুন অভিযাত্রা

বাঁশখালীর সুপরিচিত আলেমেদ্বীন ও পীরে কামেল শাহ্ আল্লামা ইসহাক হুজুরের প্রতিষ্ঠিত শেখেরখীল ইসলামিয়া দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে এলাকায় দ্বীনি শিক্ষার প্রসারে ভূমিকা রেখে আসছে। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি ১৯৮৭ সালের ১ জানুয়ারি সরকারি স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটির ইআইআইএন (EIIN) নম্বর ১০৪০৯৫।

দীর্ঘদিনের শিক্ষার ঐতিহ্যকে ধারণ করে বিজ্ঞান বিভাগ চালুর অনুমতি পাওয়া প্রতিষ্ঠানটির জন্য নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারিত হলে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।
120 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা