নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
প্রকৃতির নির্মম আঘাতে যখন লণ্ডভণ্ড বাঁশখালীর জনপদ, যখন অসংখ্য পরিবার হারিয়েছে মাথা গোঁজার ঠাঁই, প্রিয়জন ও জীবনের সঞ্চিত সম্বল—ঠিক সেই কঠিন সময়ে মানবতার হাত বাড়িয়ে দিল পাশের উপজেলা আনোয়ারার প্রকৌশলীদের সংগঠন ‘আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন’।
স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতবিক্ষত উপকূলীয় উপজেলা বাঁশখালীর অসহায় মানুষের মুখে আবারও আশার আলো জ্বালাতে সংগঠনটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামের আবদুল্লাহ আল চৌধুরী বাড়ির এক অসহায় পরিবারের জন্য নতুন বসতঘর নির্মাণে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ হান্নান। এ সময় তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের অন্যতম অঙ্গীকার। মানবিক এই উদ্যোগ বাস্তবায়নে যারা শ্রম, সময়, অর্থ ও আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার ফলেই একটি অসহায় পরিবার আবারও নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে। মানুষের প্রতি মানুষের এই দায়বদ্ধতা ও সহমর্মিতাই দুর্যোগ-পরবর্তী পুনর্গঠনের সবচেয়ে বড় শক্তি।