নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাটমূড়া-পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৬ মে) সকালে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়দের মাঝে বিরাজ করছে গভীর শোক।
পারিবারিক সূত্রে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে নাটমূড়া-পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন মোহাম্মদ ইউনুছ। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। বিশেষ করে এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলে একাধিকবার বাঁশখালী উপজেলার ২৬টি বিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। এছাড়াও ধারাবাহিকভাবে উপজেলার সেরা পাঁচটি বিদ্যালয়ের তালিকায় অবস্থান ধরে রাখে স্কুলটি।
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।