নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট (রবিবার) বন্যাকবলিত বাঁশখালীর উপকূলীয় এলাকা পরিদর্শনে আসতে পারেন বলে প্রশাসনের একটি সূত্রে জানা গেছে।
সূত্রটি জানায়, চট্টগ্রাম শহরে পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে বাঁশখালী সফর করতে পারেন।
সম্ভাব্য এ সফরকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, বিমান বাহিনীর সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাঁশখালীতে বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
প্রথমে তারা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক বৈঠক করেন। পরে বাহারছড়া ইউনিয়ন পরিষদ মাঠ ও সমুদ্র সৈকতসংলগ্ন মাঠসহ সম্ভাব্য হেলিকপ্টার অবতরণস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য জনসভা বা মতবিনিময় সভার জন্য উপযুক্ত স্থানও তারা সরেজমিনে পরিদর্শন ও যাচাই-বাছাই করেন।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে প্রধানমন্ত্রীর এ সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি বা সময়সূচি প্রকাশ করা হয়নি।