☰

বাঁশখালীতে হাতপাখার একক প্রার্থী রুহুল্লাহ, কওমির ভোটে নতুন সমীকরণ

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
বাঁশখালীতে হাতপাখার একক প্রার্থী রুহুল্লাহ, কওমির ভোটে নতুন সমীকরণ হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার— ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বের হয়ে এককভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে মুফতি সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) নেতৃত্বাধীন রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে দলটির প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে এককভাবে নির্বাচনে মাঠে নামছেন মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার।

নিজের অবস্থান স্পষ্ট করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার বলেন, “পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশনা অনুযায়ী দলীয় প্রস্তুতির অংশ হিসেবে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং তা বৈধও ঘোষণা করা হয়েছে। এখন কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে থাকব।”

এদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দল নেজামে ইসলাম পার্টিও চট্টগ্রাম-১৬ আসনটি পাওয়ার ব্যাপারে আগ্রহী ছিল। দলটির চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বাড়ি বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নে হওয়ায় তার ছেলে মুসা বিন ইজহার দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক তৎপরতা চালিয়ে আসছিলেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী ঘোষণার ফলে জোট রাজনীতির হিসাব-নিকাশে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে কওমি ঘরানার আলেমদের ভোট ব্যাংককে কেন্দ্র করে নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটের বাইরে গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ায় জামায়াতসহ অন্যান্য ইসলামপন্থী দলগুলোর ভোট বিভাজনের আশঙ্কা তৈরি হয়েছে।

সব মিলিয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে উত্তাপ বাড়তে শুরু করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
440 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা