নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক সেবনের ঘটনা দেখে ফেলায় এক শিশুকে জোর করে কীটনাশক পান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. তারেক (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ সন্ধ্যায় উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জয়নগর পাড়ায় এ ঘটনা ঘটে। ওই সময় ১০ বছর বয়সী এক শিশু স্থানীয় কয়েকজন যুবককে মাদক সেবন করতে দেখে প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা শিশুটিকে জোরপূর্বক আটকিয়ে কীটনাশক পান করায় বলে অভিযোগ রয়েছে।
শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ পাঠানো হয়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে এটিকে ‘ওপিসি (অর্গানোফসফরাস কম্পাউন্ড) পয়জনিং’ হিসেবে শনাক্ত করেন।
এ ঘটনায় শিশুটির বাবা মোহাম্মদ ফারুক বাদী হয়ে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”