নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>>
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে বাঁশখালীর মানুষ ও তরুণদের নিয়ে ঢালাওভাবে ‘সন্ত্রাসী’ মন্তব্য করার অভিযোগ উঠেছে। তাঁর কথিত বক্তব্য ‘বাঁশখাইল্যা পোয়া-অল বেক সন্ত্রাস’ (বাঁশখালীর সন্তানেরা সবাই সন্ত্রাস)—নিয়ে বাঁশখালীর বিভিন্ন মহলে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে আরও বলতে শোনা যায়, ‘বাঁশখাইল্লা পোয়া অল মামলা গরাত হাবিল’ (বাঁশখালীর ছেলেরা মামলা দায়ের করার মধ্যে পটু)।’
তার এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাঁশখালীর অনেক বাসিন্দা প্রতিবাদ জানিয়েছেন।
বাঁশখালীতে কর্মরত সাংবাদিক বেলাল উদ্দিন বলেন, ‘কিছু ব্যক্তির অপরাধ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় পুরো এলাকার সাধারণ মানুষের ওপর চাপানো গ্রহণযোগ্য নয়। বাঁশখালীর হাজারো তরুণ দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা, ব্যবসা, চাকরি ও প্রবাসে থেকে পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বাড়ি বাঁশখালীতে। এছাড়াও বাঁশখালীতে ভাস্কর নভেরা আহমেদ, কথাসাহিত্যিক আসহাব উদ্দিন আহমদ, ডা. প্রফেসর আবদুল করিমসহ অসংখ্য গুণী মানুষের জন্ম। তাই আমি মনে করি ডা. শাহাদাত হোসেনের এমন মন্তব্য করা উচিত হয়নি। আমি তার এমন মন্তব্যের নিন্দা জানাচ্ছি।’
বাঁশখালীর মানুষের প্রতি কেন মেয়রের এতো ক্ষোভ?
খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনের বাড়ি বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ১নম্বর পাড়ায় অবস্থিত। এনসিপি সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আরিফ মঈনুদ্দিন এনসিপির পক্ষ থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী।
এনসিপি নেতাদের মতে, এনসিপি নেতা আরিফ মঈনুদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করেছেন। এছাড়াও সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা দেওয়ায় আরিফের প্রতি ক্ষুব্ধ ডা. শাহাদাত হোসেন। সেই ক্ষোভ থেকে পুরো বাঁশখালীর মানুষকে ‘সন্ত্রাসী’ বলেছেন ডা. শাহাদাত— এমনটি অভিযোগ এনসিপি নেতাদের।
এ বিষয়ে জানার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত সহকারীর বাড়ি বাঁশখালীতে!
বাঁশখালীর মানুষকে নিয়ে কটুক্তি করা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরীর বাড়ি বাঁশখালীর চাম্বল ইউনিয়নে। সম্প্রতি মারুফ বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাম্বল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মারুফ চাম্বল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠঘাট চষে বেড়াচ্ছেন।