নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলমকে বদলি করা হয়েছে। তাকে কুমিল্লা সিটি করপোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার ২০ এপ্রিল ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের আলোকে এ বদলির আদেশ জারি করা হয়। এতে বলা হয়, মোহাম্মদ জামশেদুল আলমকে স্থানীয় সরকার বিভাগে ন্যাস্ত করা হয়েছে এবং নতুন কর্মস্থলে যোগদানের জন্য আগামী ১০ মে ২০২৬ তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হবে।
বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এদিকে নতুন ইউএনও যোগদান না করা পর্যন্ত বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন উপজেলা নির্বাহী কর্মকর্তার রুটিন দায়িত্ব পালন করবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামের তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে মোহাম্মদ জামশেদুল আলমকে বাঁশখালীর ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২৯ নভেম্বর তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা কর্মকাণ্ডে তিনি সমালোচিত হন। বিশেষ করে ২০২৫ সালের ২৮ জুলাই চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের আগমন উপলক্ষে বাঁশখালীর একটি সরকারি বালিকা বিদ্যালয়ের খেলার মাঠে রাতারাতি অস্থায়ী সড়ক নির্মাণের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মাঠের কাদা এড়িয়ে জেলা প্রশাসকের গাড়ি যাতে অনুষ্ঠানস্থলের কাছে যেতে পারে, সেজন্য গভীর রাতে ১৩ হাজার ইট ও ২০ ট্রাক বালি দিয়ে তিন লাখ টাকার বেশি ব্যয়ে এই সড়ক নির্মাণ করা হয়, যা নিয়ে মোহাম্মদ জামশেদুল আলম তীব্র সমালোচনার মুখে পড়েন।