☰

পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় বাঁশখালীর পল্লী চিকিৎসক নিহত

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় বাঁশখালীর পল্লী চিকিৎসক নিহত বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রাজাখালী শাখার সভাপতি ফোরকান এলাহীর জানাজায় শোকাহত জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>>
কক্সবাজারের পেকুয়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে ফোরকান এলাহী (৪৫) নামে মোটরসাইকেল আরোহী এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছড়াপাড়া নতুন বাজার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আব্দুল হামিদ নামে এক পথচারীও গুরুতর আহত হয়েছেন।

নিহত ফোরকান এলাহী বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছেলবন গ্রামের বাসিন্দা গোলাম রহমানের ছেলে। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে পেকুয়ার রাজাখালী সবুজ বাজার এলাকায় ফার্মেসী ব্যবসার পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে স্থানীয় মানুষের সেবা দিয়ে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চকরিয়া থেকে মোটরসাইকেলে পেকুয়ার দিকে যাচ্ছিলেন ফোরকান এলাহী। পথে ছড়াপাড়া নতুন বাজার স্টেশন এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলের সঙ্গে এক পথচারীর ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

নিহত ফোরকান এলাহীর মামা আবু সুফিয়ান বলেন, ফোরকান চকরিয়ায় ভাড়া বাসায় থাকতেন। সেখান থেকে রাজাখালীতে আসা-যাওয়া করতেন। গতকাল সেখান থেকে আসার পথে এই ঘটনা ঘটেছে।

ব্যক্তিগত জীবনে ফোরকান এলাহী দুই কন্যা ও দুই ছেলে সন্তানের জনক।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনায় আহত পথচারী আব্দুল হামিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তার এক পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

রবিবার দুপুরে রাজাখালীর সবুজ বাজার এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে শোকাহত জনতার ঢল নামে। পরে একই এলাকায় তার শ্বশুর বাড়ির কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
383 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা