☰

বাঁশখালীতে নির্মাণ হচ্ছে ‘সাব-জেল’

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বাঁশখালীতে নির্মাণ হচ্ছে ‘সাব-জেল’ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>>
বিদ্যমান কারাগারগুলোতে বন্দির চাপ কমাতে চট্টগ্রাম বিভাগের সাত উপজেলায় ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় কারা কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে বাঁশখালীসহ সাত উপজেলায় সাব-জেল নির্মাণের প্রস্তাব সম্প্রতি কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

প্রস্তাবিত উপজেলাগুলো হলো—নোয়াখালীর হাতিয়া, কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া, চট্টগ্রামের পটিয়া, সন্দ্বীপ ও বাঁশখালী এবং বান্দরবানের লামা।

চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) মো. ছগির মিয়া জানান, এসব এলাকায় চৌকি আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। তবে আদালতে হাজিরা দিতে আসা আসামিদের শহরের কারাগারে আনা-নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি, ভোগান্তি ও কারা সদস্যদের কর্মঘণ্টার অপচয় হচ্ছে। একই সঙ্গে জেলা শহরের কারাগারগুলোতেও বন্দির চাপ ক্রমেই বাড়ছে।

তিনি বলেন, চৌকি আদালতসংলগ্ন এলাকায় সাব-জেল নির্মাণ করা হলে আদালতে হাজিরা দেওয়া আসামিদের শহরের কারাগারে স্থানান্তরের প্রয়োজন অনেকটাই কমে আসবে। এতে নিরাপত্তাঝুঁকি ও পরিবহনজনিত ভোগান্তিও কমবে।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে বর্তমানে মোট ১২টি কারাগার রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও কুমিল্লায় রয়েছে দুটি কেন্দ্রীয় কারাগার। এসব কারাগারের মোট ধারণক্ষমতা প্রায় সাড়ে ৭ থেকে ৮ হাজার বন্দি। বিপরীতে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ হাজার বন্দি কারাগারগুলোতে অবস্থান করেন।

শুধু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই প্রতিদিন প্রায় ৭ হাজার বন্দি থাকেন। অথচ কারাগারটির ধারণক্ষমতা মাত্র ২ হাজার ২৪৯ জন। ফলে ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি বন্দি থাকায় কারা ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হচ্ছে।

ডিআইজি-প্রিজন্স মো. ছগির মিয়া বলেন, পরিকল্পিতভাবে সাব-জেল নির্মাণ করা গেলে কারাগারগুলোর ধারণক্ষমতার সঙ্গে বন্দির সংখ্যা সমন্বয় করা সম্ভব হবে। পাশাপাশি জেলা শহরের কারাগারগুলোর ওপরও বন্দির চাপ কমবে।
বন্দিদের নিরাপত্তা, কারা ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি এবং জেলা শহরের কারাগারগুলোর ওপর চাপ কমানোর লক্ষ্যেই বিষয়টি সরকারের নজরে আনতে কারা অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাঁশখালীতে সাব-জেল নির্মাণের এ প্রস্তাব বাস্তবায়িত হলে স্থানীয়ভাবে বিচারিক কার্যক্রমে আসামিদের হাজিরা ও কারাবন্দিদের ব্যবস্থাপনায় ভোগান্তি কমার পাশাপাশি কারা ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
562 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা