নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>>
উপকূলের মাটি থেকে উঠে এসে চিকিৎসাসেবায় সাফল্যের সিঁড়ি বেয়ে আরও এক গৌরবময় অধ্যায়ে পা রাখলেন বাঁশখালীর সন্তান ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। এবার খাগড়াছড়ি জেলার নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই মেধাবী চিকিৎসক।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে খাগড়াছড়ির সিভিল সার্জন পদে বদলিপূর্বক পদায়নের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীকে আগামী ১১ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১২ অক্টোবর থেকে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ কর্মজীবনে চিকিৎসাসেবার পাশাপাশি প্রশাসনিক দায়িত্বেও রেখেছেন দক্ষতার স্বাক্ষর। এর আগে তিনি চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। কর্মজীবনের শুরু থেকে মানুষের স্বাস্থ্যসেবায় নিবেদিত এই চিকিৎসক দায়িত্ব পালন করেছেন বাঁশখালী ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবেও।
বাঁশখালীর সরল গ্রামের মোস্তাফিজুর রহমান চৌধুরী ও কামরুন্নাহার দম্পতির সন্তান ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমানে বাঁশখালীর কালীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।
উপকূলের প্রত্যন্ত জনপদ থেকে উঠে আসা এই চিকিৎসকের কর্মজীবনের প্রতিটি ধাপ যেন বাঁশখালীর মাটির জন্য একেকটি গর্বের গল্প। চিকিৎসাসেবার অঙ্গনে নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতার পথ পেরিয়ে এবার পাহাড়ি জেলা খাগড়াছড়ির স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাঁধে।