“আমি কারও বিরুদ্ধে নই, মানুষের পাশেই আছি”— গুজবের জবাবে বললেন মুজিবুর রহমান সিআইপি
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মহল গুজব ছড়িয়ে আসছে যে, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সিআইপি মারা গেছেন। একই সঙ্গে চলমান বন্যা পরিস্থিতিতে তাঁকে পাওয়া যাচ্ছে না বলেও বিভিন্ন বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
এ বিষয়ে প্রকৃত তথ্য জানার জন্য বাঁশখালী টুডে স্মার্ট গ্রুপের পক্ষ থেকে মুজিবুর রহমান সিআইপির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
তিনি বলেন, “আমার বাড়ি যেহেতু বাঁশখালী, তাই সবাই আমাকে পছন্দ করবে—এমনটা নয়। সমাজে পক্ষ-বিপক্ষ থাকবেই। অনেকে আমার বিরুদ্ধে নানা কথা বলতে পারেন, কিন্তু আমি কারও বিরুদ্ধে নই। আমি ও আমার পরিবারের কাজই হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা।”
চলমান বন্যা পরিস্থিতিতে দেরিতে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের সব সামাজিক ও মানবিক কার্যক্রম আমার মরহুম পিতা মাস্টার নজির আহমদের নামে প্রতিষ্ঠিত ‘মাস্টার নজির আহমদ ট্রাস্ট’-এর মাধ্যমে পরিচালিত হয়। এই ট্রাস্টের মাধ্যমে আমরা বিগত দিনে অনেক কার্যক্রম পরিচালনা করেছি। যেমন, করোনাকালীন সময়ে শুধু বাঁশখালীতে নয়, বাংলাদেশ সরকার যখন করোনাকালীন পিপিই’র জন্য গভীর সংকটে, তখন আমরাই প্রথম সরকারকে সাড়ে ছয় লক্ষ পিছ পিপিই সরবরাহ করি।’’
তিনি বলেন, ‘এমনকি করোনাকালীন সময়ে যখন লকডাউন চলছিল, তখন আমরা সার্বক্ষণিক পিপিই সরবরাহ করার জন্য কারখানা চালু রেখেছি । এ সময় কাজ করতে গিয়ে আমাদের জিএম সাহেব করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তাছাড়া বাংলাদেশে যখন রোহিঙ্গার ঢল নেমেছিল, তখনও আমাদের পরিবারের পক্ষ থেকে প্রথম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। সুতরাং, আমার পরিবার সস্তা জনপ্রিয়তার জন্য কিছু করে না। আমরা যে সব কাজ করি তা আল্লাহকে খুশি করার জন্য করি। এজন্য কে কি বলেছে, তাতে কিছু আসে যায় না।’’