নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>>
শিশুমনের নির্মল ক্যানভাসে যখন প্রতিভার রঙ ছড়িয়ে পড়ে, তখন মুগ্ধতা ছড়ায় চারপাশে। কখনো কবিতার ছন্দে, কখনো অভিনয়ের সংলাপে-নিজের মেধা ও নৈপুণ্যের স্বাক্ষর রেখে সেই মুগ্ধতাই ছড়িয়ে দিল ছোট্ট রত্নদ্বীপা বিশ্বাস আদ্রিতা।
বাঁশখালী উপজেলা সদরের ঐতিহ্যবাহী গ্রাসরুটস্ চাইল্ড কেয়ার কে.জি. স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আদ্রিতা নজরুল বর্ষ উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান এবং একক অভিনয়ে তৃতীয় স্থান অর্জন করেছে সে।
শুধু কবিতার ছন্দ কিংবা অভিনয়ের ভঙ্গিমায় নয়, সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শাখায় নিজের প্রতিভার জানান দিয়েছে আদ্রিতা। নজরুল সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও একক অভিনয়সহ একাধিক বিষয়ে অংশ নিয়ে সে হয়ে উঠেছে ছোট্ট বয়সেই সম্ভাবনাময় এক প্রতিভার নাম।
গ্রাসরুটস্ চাইল্ড কেয়ার কে.জি. স্কুলটি দীর্ঘ ২৬ বছর ধরে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও কৃতিত্বের ধারাবাহিকতা ধরে রেখেছে। সেই গৌরবময় ধারায় আদ্রিতার এই অর্জন যেন নতুন একটি উজ্জ্বল পালক যুক্ত করেছে।
প্রসঙ্গত, রত্নদ্বীপা বিশ্বাস আদ্রিতা বাঁশখালী পৌরসভার বিশ্বাসপাড়ার বাসিন্দা এবং সাংবাদিক উজ্জ্বল বিশ্বাসের কন্যা। ছোট্ট বয়সেই তার এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের সুবাস। তাদের প্রত্যাশা-প্রতিভার এই দীপ্তি সময়ের সঙ্গে আরও উজ্জ্বল হয়ে আদ্রিতা একদিন সংস্কৃতির অঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলবে।