চট্টগ্রামে ঝটিকা মিছিলের পর অভিযান: গ্রেপ্তার ৬৮ জনের মধ্যে বাঁশখালীর ৩ জন

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
চট্টগ্রামে ঝটিকা মিছিলের পর অভিযান: গ্রেপ্তার ৬৮ জনের  মধ্যে বাঁশখালীর ৩ জন ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৬৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের বাড়ি বাঁশখালীতে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া বাঁশখালীর তিনজন হলেন— বায়েজিদ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মো. নয়ন (২২), বাকলিয়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ রহিম (৩৯) এবং চকবাজার থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া টিকলু সেন দুর্জয় (২৭)।

এর মধ্যে মো. নয়ন বাঁশখালীর গুণাগরী এলাকার কোকদণ্ডী নিদান গাজীর বাড়ির জেবল হোসেনের ছেলে। মোহাম্মদ রহিম সাধনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি কাঞ্চন মিয়ার ছেলে। অপরদিকে টিকলু সেন দুর্জয় বৈলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সুধাংশু সেনের ছেলে।

সিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে মিছিলে অংশগ্রহণ, নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে এসব নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সোমবার সকালে নগরের জিইসি মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। পরে মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা ও ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চুর অনুসারীরা মিছিলটি আয়োজন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশে সানমার টাওয়ার ওয়ানের সামনের সড়ক থেকে মিছিলটি জিইসি মোড়ের দিকে অগ্রসর হয়। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন।
634 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা