☰

বাঁশখালীর ইউএনও’র ‘ছাত্রলীগ বন্দনা’!

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
বাঁশখালীর ইউএনও’র ‘ছাত্রলীগ বন্দনা’! বাঁশখালীর ইউএনও রুহুল আমিন
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
বাঁশখালীতে ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নিয়োগ তালিকায় ৪-৫ জন ছাত্রলীগ নেতার নাম এসেছে। এছাড়াও দলীয় সাইনবোর্ডের বাইরে থাকা সাধারণ আবেদনকারীর নাম আসেনি। স্থানীয়দের অভিযোগ, নিয়োগ তালিকায় নাম আসা ৯৮ শতাংশ ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়াও নিয়োগ তালিকায় ৫০ শতাংশ নারী অগ্রাধিকারের কথা থাকলেও তা মানা হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন ও সমাজসেবা অফিসার মোহাম্মদ আমজাদ হোসাইন স্বাক্ষরিত একটি তালিকা গত ১৮ আগস্ট ভোর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যোগ্য প্রার্থী ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। বাঁশখালীর ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার শতাধিক আবেদনকারী এ অনিয়মের অভিযোগ করেছেন। তালিকাটি প্রকাশের ৪ দিন পেরিয়ে গেলেও ছাত্রলীগ নেতা ও মামলার আসামিদের বাদ দিয়ে সংশোধিত তালিকা প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষায় অংশগ্রহণ করা আবেদনকারীরা।

এদিকে এসব ছাত্রলীগ নেতাদের নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানতে ফোন করা হয় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনকে। যদিও তিনি তালিকায় স্থান পাওয়া ছাত্রলীগ নেতাদের নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা দিতে পারেননি।

ইউএনও রুহুল আমিন বলেন, “ইতিমধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। আরও ধীরগতিতে যাচাই-বাছাই করা হচ্ছে। পৌরসভায় একজন তথ্য সংগ্রহকারীর নাম পাওয়া গেছে। সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়াও ছনুয়া ২ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী নুরুন্নবীর নামে মারামারির মামলা আছে বলে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। সবকিছুর রিপোর্ট নিয়ে তদন্ত করার পর সংশোধিত তালিকা প্রকাশ করা হবে।”

তালিকায় নারীদের নাম না আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “প্রতিটি তালিকায় মেয়েদের নাম আছে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, তাদের নাম এসেছে।”
402 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা