চার রত্নের ছোঁয়ায় সাজবে ছনুয়া, পরিবর্তনের অঙ্গীকার

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
চার রত্নের ছোঁয়ায় সাজবে ছনুয়া, পরিবর্তনের অঙ্গীকার ডা. মোহাম্মদ ছগীর, অ্যাডভোকেট রায়হান সোবহান, ডা. সাকিব হোসেন ও মো. আবদুল্লাহ নয়ন
নিজস্ব প্রতিবেদক:
২০২০ সালে ছনুয়া ইউনিয়নের এসএসসি ব্যাচ–২০১৯-এর একঝাঁক উদ্যমী, স্বপ্নবাজ ও সমাজসচেতন তরুণের সম্মিলিত উদ্যোগে যাত্রা শুরু করে ছনুয়া ফ্রেন্ড সোসাইটি। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শিক্ষা সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং একটি সচেতন, মানবিক, নৈতিক ও শিক্ষিত প্রজন্ম গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

ছনুয়া ইউনিয়নের স্বনামধন্য সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ছনুয়া ফ্রেন্ড সোসাইটি (সিএফএস) তাদের নবগঠিত উপদেষ্টা পরিষদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, যুগোপযোগী, টেকসই ও কার্যকর করার লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, আইন ও সামাজিক নেতৃত্বের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অভিজ্ঞ, পেশাদার ও সমাজসেবায় নিবেদিত ব্যক্তিবর্গের সমন্বয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত এই পরিষদ সংগঠনের নীতিনির্ধারণী দিকনির্দেশনা, কৌশলগত পরামর্শ প্রদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটি।

নবঘোষিত উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যরা হলেন— পার্কভিউ হাসপাতালের কনসালট্যান্ট ও এনআইসিইউ প্রধান ডা. মোহাম্মদ ছগীর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মিনি ল’ স্কুলের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রায়হান সোবহান, চট্টগ্রাম মেডিকেল কলেজ আইডিএ সভাপতি ডা. সাকিব হোসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও এলএলএম ছাত্র মো. আবদুল্লাহ নয়ন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সদস্যদের সুদৃঢ় দিকনির্দেশনা, প্রজ্ঞাপূর্ণ পরামর্শ ও দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ছনুয়া ফ্রেন্ড সোসাইটি (সিএফএস)-এর শিক্ষা সহায়তা কার্যক্রম, মানবিক উদ্যোগ, সামাজিক সচেতনতা কর্মসূচি, যুব উন্নয়ন ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রম আরও বিস্তৃত, গতিশীল ও ফলপ্রসূ হবে।

এসময় ছনুয়া ফ্রেন্ড সোসাইটি (সিএফএস)-এর পক্ষ থেকে নবনিযুক্ত উপদেষ্টাবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি সংগঠনের আগামীর পথচলায় সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোয়া ও নৈতিক সমর্থন কামনা করা হয়।

সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা, সততা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে ছনুয়া ফ্রেন্ড সোসাইটি (সিএফএস) ভবিষ্যতে সমাজ পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে—ইনশাআল্লাহ।
539 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা