বাঁশখালীতে মাদক ও জুয়া চক্রের ১৩ জন গ্রেপ্তার, কারাদণ্ড

শনিবার, ২৩ মে ২০২৬
বাঁশখালীতে মাদক ও জুয়া চক্রের ১৩ জন গ্রেপ্তার, কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ১৩ জন— ছবি বাঁশখালী টুডে।
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালীতে মাদক, জুয়া ও অনলাইন জুয়াবিরোধী পৃথক বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (২২ মে) বিকেল ৫টা থেকে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়।

চাম্বল ও শীলকূপ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার ও অপরাধপ্রবণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। একই সময়ে রামদাস মুন্সীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল বাণীগ্রাম এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নির্মূলে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক সেবনকারী, মাদক কারবারি এবং জুয়া ও অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে মাদক ও জুয়া খেলার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশের এমন কার্যকর পদক্ষেপে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াঘাটা বাজার এলাকার আবুল কাশেমের ছেলে মো. আজিজ এবং মো. ইউসুফের ছেলে মো. ছাবের আহমদকে মাদক কারবারে জড়িত থাকার দায়ে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার মৃত খুইল্যা মিয়ার ছেলে নুরুল আমিন এবং মো. নুরুচ্ছফার ছেলে মো. আবুল বশরকে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া চাম্বল ইউনিয়নের উত্তর চাম্বল গ্রামের মিঠাপাড়া এলাকার মৃত আবদুল মজিদের ছেলে মো. আবদুল কাদেরকেও মাদকের দায়ে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের মো. বদিউল আলমের ছেলে মো. দিদারুল আলমকে জুয়া খেলার দায়ে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জুয়া খেলার অপরাধে একই এলাকার মৃত বদিউল আলমের ছেলে আবদুল গফুর, মৃত নজির আহমদের ছেলে আবদুল জব্বার, মৃত বদিউল আলমের ছেলে মনছুরুল হক, মৃত আবদুর রহমানের ছেলে মো. মোজাফফর আহমদ এবং মীর কাশেমের ছেলে সাহাব উদ্দিনকে দুই মাসের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

একই অপরাধে হাছান আহমদের ছেলে আজগর হোসেনকে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম নতুনপাড়ার মৃত মনির হোসেনের ছেলে মো. আলাউদ্দিনকে মাদক কারবারের দায়ে ছয় মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সার্বিক বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, সমাজকে মাদক ও জুয়ামুক্ত রাখতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অপরাধ দমনে পুলিশ কাউকে ছাড় দেবে না এবং জননিরাপত্তা নিশ্চিতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
222 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা