মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী:
বাঁশখালীতে বন্যা কবলিত এলাকায় চট্টগ্রামে কর্মরত পুলিশের বিভিন্ন কর্মকর্তার অর্থায়নে হাজারো মানুষের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেলে ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে বন্যা কবলিত মানুষের মাঝে এসব অনুদান তুলে দেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক।
এসময় চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বিপিএম বলেন, ‘আমরা মূলত এসেছি আপনাদের পাশে থাকার জন্য। আমাদের যে বা যারা চাকরি করি, তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। এটা কিন্তু সরকারি অর্থায়নে নয়, আমাদের নিজস্ব, ব্যক্তিগত অর্থায়নে। বাঁশখালীর আরও অন্যন্য বন্যা কবলিত এলাকা আছে। সাতকানিয়ায় আছে। সেখানেও আমরা যাবো। আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আমরা আপনাদের পাশে থাকতে চাই। আপনারা হয়তো ভাবতেছেন, আপনারা একা। আপনারা একা নন, আপনাদের সাথে পুরো বাংলাদেশ আছে। আপনারা সাময়িকভাবে একটু পানি বন্দি হয়েছেন, বন্যা কবলিত হয়েছেন, দুর্দশাগ্রস্ত হয়েছেন। তার মানে আপনারা একা না। কেউ আপনাদের ছেড়ে যাবে না। সবাই আপনাদের পাশে আছে।’
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক বলেন, ‘আপনাদের অনেকের বাড়িঘর পানিতে ডুবে গেছে, তছনছ হয়ে গেছে। আপনাদেরকে সহমর্মিতা প্রদানের জন্য পুলিশ সুপার মহোদয় এসেছেন। তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পরিচিত মুখ, একজন জুলাই যোদ্ধা।’
তিনি বলেন, ‘এই ওসি বাঁশখালীতে আসার পর একটি গরুও চুরি হয়নি। মাদক ব্যবসা অনেক কমে গেছে। সুতরাং, আপনারা তাদের প্রতি সম্মান প্রদর্শন করে ধৈর্যধারণ করে বসুন। সবাই ত্রাণ পাবেন। আমাদের যথেষ্ট ত্রাণ আছে।’
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুমিনুল ইসলাম জিসান বলেন, ‘আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, সারা বাংলাদেশে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাঁশখালী উপজেলা। বিশেষ করে আপনারা যারা ছনুয়ার অধিবাসী রয়েছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনাদের দিকে সবসময় নজর রাখছেন। আমরা সরকারি ভাবে এবং দলীয়ভাবে আপনাদেরকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি। আপনারা হতাশ হবেন না।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ মোহাম্মদ সেলিম, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ রাসেল পিপিএম, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, ছনুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।