☰

ক্রিকেটে পিছিয়ে নেই বাঁশখালীর মেয়েরাও

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ক্রিকেটে পিছিয়ে নেই বাঁশখালীর মেয়েরাও নাপোড়া ট্রাফে মাঠে বাঁশখালী থানার ওসিসহ নারী ক্রিকেট দল
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>>
উপকূলের মাটিতে একসময় যেখানে মেয়েদের খেলাধুলা ছিল অনেকটাই স্বপ্নের মতো, সেই বাঁশখালীর মেয়েরাই এখন ব্যাট-বলের লড়াইয়ে পা রাখছে বড় মঞ্চে। সম্ভাবনার সেই নতুন দিগন্তে স্বপ্নের ডানা মেলেছে বাঁশখালী গার্লস ক্রিকেট ক্লাব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে অনুষ্ঠিতব্য ঢাকা ফার্স্ট ডিভিশন ওমেন্স টি-২০ ক্রিকেট লীগে অংশ নিতে প্রস্তুত হচ্ছে বাঁশখালীর মেয়েরা। প্রতিযোগিতাকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় বাঁশখালীর নাপোড়া ট্রাফে মাঠে ক্লাবটির আনুষ্ঠানিক অনুশীলনের উদ্বোধন করা হয়। ব্যাটের ঝংকার আর বলের ছন্দে সেদিন যেন নতুন করে উচ্চারিত হলো-ক্রিকেটে পিছিয়ে নেই বাঁশখালীর মেয়েরাও।

অনুশীলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল। দলের কোচ হিসেবে উপস্থিত ছিলেন মো. ইসমাইল ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী গার্লস ক্রিকেট ক্লাবের সভাপতি নজরুল ইসলাম।

অনুষ্ঠানে নারী ক্রিকেটারদের অনুশীলন প্রত্যক্ষ করে তাদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে উৎসাহ দেন ওসি মো. রবিউল হক। খেলোয়াড়দের হাতে তুলে দেন বিভিন্ন ক্রীড়াসামগ্রী। তাঁর এই সহযোগিতা তরুণ ক্রিকেটারদের অনুশীলনে আরও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খেলাধুলায় ফিরুক তারুণ্য, দূরে থাকুক মাদক-জুয়া

শুধু ক্রিকেটের মাঠেই নয়, একই দিনে খেলাধুলার বার্তা ছড়িয়ে পড়ে বাঁশখালীর তরুণদের মাঝেও। তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার অন্ধকার থেকে দূরে রাখতে পুঁইছড়ি ও শেখেরখীল ইউনিয়নের তরুণদের অংশগ্রহণে আয়োজন করা হয় মাদক ও জুয়াবিরোধী এক প্রীতি ফুটবল ম্যাচ।

মাঠে ফুটবলের ছন্দে ছন্দে তরুণদের উচ্ছ্বাসের পাশাপাশি তাদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে দেওয়া হয় ক্রীড়াসামগ্রী কেনার জন্য আর্থিক সহায়তা।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. রবিউল হক বলেন, ‘তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলাধুলার বিকল্প নেই। মাদক ও জুয়া একজন তরুণের জীবন যেমন ধ্বংস করে, তেমনি পরিবার ও সমাজেও এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাঁশখালীর মেয়েরা ক্রিকেটে এগিয়ে যাচ্ছে- এটি অত্যন্ত আশাব্যঞ্জক। বিসিবির আয়োজিত প্রতিযোগিতায় বাঁশখালী গার্লস ক্রিকেট ক্লাব ভালো করবে বলে আমরা আশা করি। তাদের পাশে থেকে উৎসাহ ও সহযোগিতা অব্যাহত থাকবে।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা ফার্স্ট ডিভিশন ওমেন্স টি-২০ ক্রিকেট লীগে বাঁশখালী গার্লস ক্রিকেট ক্লাবের খেলা আগামী ১৩ অক্টোবর থেকে ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেই লড়াইয়ের প্রস্তুতি হিসেবে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে দলটি।
153 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা