নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
বাঁশখালীতে দিনব্যাপী ব্যক্তিগত অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গুমফেরত মফিজুর রহমান আশিক।
রবিবার (১২ জুলাই) সকাল থেকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুর ও বাঁশখালা, খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল ও প্রেমাশিয়া এবং ছনুয়া ইউনিয়নের মধুখালী, আবাখালী ও খুদুকখালী গ্রামে নৌকাযোগে এসব ত্রাণ বিতরণ করেন তিনি।
এসময় মফিজুর রহমান আশিক বলেন, ‘আপনারা কেউ না খেয়ে থাকবেন না। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আপনাদের খবরাখবর রাখছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বন্যা পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের তরফ থেকে আপনাদের পুনর্বাসন করা হবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুমিনুল ইসলাম জিসান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, ছনুয়া ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ জুনাইদ এবং ছাত্রদল নেতা হাফিজুর রহমান হিরু উপস্থিত ছিলেন।