☰

বামেরছড়া-ডানেরছড়া সমবায় সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেলের জয়

শনিবার, ২৭ জুন ২০২৬
বামেরছড়া-ডানেরছড়া সমবায় সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেলের জয় বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্ক এলাকার বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শুক্রবার (২৬ জুন) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে। অপরদিকে জামায়াত সমর্থিত প্যানেল পরাজিত হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় রাজনৈতিক সমীকরণে এ ফলাফল গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।

স্থানীয়দের ভাষ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার পাশাপাশি লেয়াকত আলী বিদ্রোহী প্রার্থী হওয়ায় ভোট বিভক্ত হওয়ার সুযোগে জামায়াতের প্রার্থী জহিরুল ইসলাম বিজয়ী হন। তবে বর্তমানে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি অভ্যন্তরীণ বিভেদ কাটিয়ে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। সমবায় সমিতির এ নির্বাচনের ফলাফল সেই সাংগঠনিক প্রস্তুতির প্রতিফলন বলেও অনেকে মনে করছেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ছাতা প্রতীকের শাহাদাত হোছাইন আজগর ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের রফিক আহমদ পেয়েছেন ২২৭ ভোট। সহ-সভাপতি পদে চাকা প্রতীকের মিজানুর রহমান সিকদার ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেয়াল ঘড়ি প্রতীকের মোহাম্মদ আনোয়ার হোসাইন পেয়েছেন ২১৯ ভোট। অপর প্রার্থী হারিকেন প্রতীকের সাখাওয়াত হোসেন চৌধুরী আসিফ পেয়েছেন ৮৫ ভোট।

সম্পাদক পদে ফুটবল প্রতীকের মোহাম্মদ ইউনুছ ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলসি প্রতীকের মোক্তার আহমদ পেয়েছেন ১৩৩ ভোট এবং দোয়াত-কলম প্রতীকের গিয়াস উদ্দিন সিকদার পেয়েছেন ১০৯ ভোট।

কোষাধ্যক্ষ পদে গোলাপ ফুল প্রতীকের মো. সোলতান মাসুদ ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাজ প্রতীকের মৌলভী মো. জাকের হোছাইন পেয়েছেন ১৮৫ ভোট। অপর প্রার্থী মোরগ প্রতীকের মো. গিয়াস উদ্দিন পেয়েছেন ১৬৫ ভোট।

এদিকে সমবায় সমিতি বিধিমালা-২০০৪-এর ৩২(১) বিধি অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে কয়েকজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন— ব্লক-১ থেকে আবদুল গফুর ও জহিরুল ইসলাম মানু, ব্লক-৩ থেকে মোস্তাক আহমদ ও ওয়াহিদুল ইসলাম সিকদার এবং ব্লক-৪ থেকে মো. আছমত আলী ও নাছির আহমদ চৌধুরী।অন্যদিকে ব্লক-২ থেকে প্রত্যক্ষ ভোটে মো. ইসকান্দার (১১৪ ভোট) ও ইনসাফ মিয়া (৯৯ ভোট) সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিটি-২০২৬-এর সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুল হক। এ সময় উপস্থিত ছিলেন সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, নির্বাচন কমিটির সদস্য ও পল্লী সঞ্চয় ব্যাংক বাঁশখালীর ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহজাদা মোহাম্মদ জুলকারনাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোহছন আলী এবং মনছুর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
197 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা