নিজস্ব প্রতিবেদক:
খেলার ছলে ঘর ছেড়ে বের হয়েছিল ছোট্ট আদিলুর রহমান। সঙ্গীদের সঙ্গে ফুটবলের আনন্দে মেতে উঠেছিল লবণ মাঠে। কে জানতো, সেই খেলাই হয়ে উঠবে তার জীবনের শেষ খেলা!
শুক্রবার (২৯ মে) দুপুর ২টার দিকে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের চেমটখালী এলাকায় ঘটে হৃদয়বিদারক এ ঘটনা। লবণ মাঠের গভীর গর্তে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৬ বছর বয়সী শিশু আদিলুর রহমানের।
নিহত আদিলুর রহমান চেমটখালী ৯ নম্বর ওয়ার্ডের হাইচ্ছা বাপের বাড়ির সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নুর উদ্দিনের দ্বিতীয় সন্তান। ছোট্ট আদিল স্থানীয় একটি নুরানী মাদরাসার শিক্ষার্থী ছিল। তার নিষ্পাপ হাসি আর দুরন্তপনা মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল এক নির্মম দুর্ঘটনায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির অদূরে লবণ মাঠে ফুটবল খেলতে যায় আদিল। খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে মাঠের একটি গভীর গর্তে পড়ে যায় সে। অনেকক্ষণ খুঁজেও তাকে না পেয়ে পরিবারের সদস্যদের মাঝে শুরু হয় উৎকণ্ঠা আর আহাজারি।
পরে লবণ মাঠের গর্ত থেকে আদিলকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাকে চাম্বলস্থ একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ছনুয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একটি ছোট্ট প্রাণের এমন করুণ বিদায়ে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশুর হাসি থেমে গেছে, কিন্তু তার স্মৃতি আর পরিবারের আহাজারি দীর্ঘদিন কাঁদাবে।