নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সিআইপিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের প্রতিবাদে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই মন্তব্য করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
সম্প্রতি মুজিবুর রহমান সিআইপিকে নিয়ে ছড়ানো গুজবের বিষয়ে একটি সংবাদ প্রকাশ করে বাঁশখালীভিত্তিক জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বাঁশখালী টুডে। প্রতিবেদনটির ফটোকার্ডে প্রায় দুই হাজারের মতো প্রতিক্রিয়া এবং শত শত মন্তব্য জমা পড়ে। মন্তব্যগুলোতে অধিকাংশই গুজবের নিন্দা জানিয়ে মুজিবুর রহমান সিআইপি ও তার পরিবারের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
পুঁইছড়ি ইউনিয়নের বাসিন্দা আরিফুল ইসলাম রকি লিখেছেন, “মুজিবুর রহমান সিআইপি পরিবারের মতো আর একটা দানশীল পরিবার বাঁশখালীতে নাই, আমার জানা মতে।”
ছনুয়ার বাসিন্দা এনায়েত উল্লাহ মন্তব্য করেন, “সিআইপি মহোদয় ও তার পরিবার সবসময় বাঁশখালীবাসীর জন্য কাজ করেছেন। দেশ ও মানবতার কল্যাণে তারা নিবেদিত প্রাণ। সুতরাং কোনো দুষ্ট লোকের সমালোচনায় তাদের কিছু যায় আসে না।”
মাহবুবুর রহমান লেখেন, “মাস্টার নজির আহমদের পরিবার বাঁশখালীর মানুষের জন্য আল্লাহর রহমত। বিভিন্ন দুর্যোগ ও দুর্বিপাকে সেটি বারবার প্রমাণ করেছে মাস্টার নজির আহমদ ট্রাস্ট।”
এইচ সৌরভ খান মন্তব্য করেন, “যোগ্য মানুষ হারালে, কাঁদতে হবে আড়ালে। বাঁশখালীর জনগণ ওনার মতো এমপি আর পাবে না।”
এছাড়া অনেকেই মন্তব্যে লিখেছেন, “গরিব মানুষের জন্য আল্লাহ মুজিব ভাইকে দীর্ঘ হায়াত দান করুক।”
উল্লেখ্য, প্রয়াত মাস্টার নজির আহমদের পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা, সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বাঁশখালীর উন্নয়নে ভূমিকা রেখে আসছে। তাদের প্রতিষ্ঠিত স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে স্থানীয় বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া শিক্ষা বিস্তারে মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ, আম্বিয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসা, মাস্টার নজির আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে এই পরিবার।