☰

দেশীয় অস্ত্র ও পিকআপসহ ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

বুধবার, ২৪ জুন ২০২৬
দেশীয় অস্ত্র ও পিকআপসহ ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার গ্রেপ্তার ডাকাত দলের তিন সদস্য
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডে মন্টু তালুকদারের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আনোয়ারা উপজেলার বিলপুর এলাকার নুর মোহাম্মদ (৩৭), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর এলাকার কামরুল ইসলাম শেখ (৪৯) এবং আনোয়ারা উপজেলার সৈয়দ কুচাইয়া এলাকার শাহাদাত হোসেন (৩৫)।

বাঁশখালী থানার এসআই (নিরস্ত্র) কাজী আবু কাউছার, এএসআই মো. মনির হোসাইন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ একটি পিকআপযোগে পেকুয়া থেকে বাঁশখালীর দিকে ডাকাতির উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বৈলছড়ি বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়।

পরে সন্দেহভাজন পিকআপ গাড়িটিকে থামার সংকেত দিলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া করে চেচুরিয়া এলাকায় গাড়িটি আটক করা হয়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করা হলেও আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ ও ব্যবহৃত পিকআপ গাড়ি তল্লাশি করে ৩টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার কাটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। এছাড়া তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
279 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা