☰

বাঁশখালীতে বন্যায় অবদান রাখা স্বেচ্ছাসেবী সম্মাননার আড়ালে আ. লীগকে পুনর্বাসন

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাঁশখালীতে বন্যায় অবদান রাখা স্বেচ্ছাসেবী সম্মাননার আড়ালে আ. লীগকে পুনর্বাসন ‘প্রিয় ভাইয়ের’ সাথে কথিত শিল্পী আজগর হোসাইন
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>>
বাঁশখালীতে গত জুলাই মাসে ভয়াবহ বন্যা হয়। এই বন্যায় মানবিক কাজে অবদান রাখা স্বেচ্ছাসেবীদের সম্মাননার আড়ালে নিষিদ্ধ সংগঠন আ. লীগকে পুনর্বাসনের অভিযোগ উঠেছে কথিত শিল্পী আজগর হোসাইন ফাহিমের বিরুদ্ধে।

জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর বাঁশখালীর এস কে বি কনভেনশন হলে ২০২৬ সালে বাঁশখালীতে সংগঠিত বন্যায় অবদান রাখা স্বেচ্ছাসেবীদের সম্মাননার আয়োজন করেন ‘ছাত্র-জনতা বাঁশখালী’ নামের একটি সংগঠনের আহ্বায়ক আব্বাস খাঁন ও আজগর হোসাইন ফাহিম। 

এতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা হোছাইন মোহাম্মদকে। যদিও হোছাইন মোহাম্মদ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তার পক্ষে এক ছাত্রলীগ নেতা ক্রেস্ট গ্রহণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর থেকে আত্নগোপনে আছেন হোছাইন মোহাম্মদ। তার বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্ট চাম্বল বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় ডজনখানেক মামলা হয়।

এদিকে পতিত স্বৈরাচারের দোসর হোছাইন মোহাম্মদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করায় ক্ষোভে ফুঁসছে ছাত্র-জনতা। শুধু হোছাইন মোহাম্মদ নয়, ছাত্রলীগ নেতা ওসমান সাদলী ও যুবলীগ নেতা আরিফুল ইসলাম খাঁনসহ অনেকে ক্রেস্ট পেয়েছে।

এ বিষয়ে আজগর হোসাইন ফাহিম নামের কথিত শিল্পীর ছবি সম্বলিত আরিফুল ইসলাম গাজী নামের এক জুলাইযোদ্ধা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ২৪-এর ৫ আগস্টের আগে লীগ করেছো, ৫ আগস্টের পর পালিয়ে ছিলে। অনেকদিন আড়ালে থাকার পর এখন আবার শিল্পী পরিচয়ে সামনে আসছো। সবই জানি। এতদিন চুপ ছিলাম মানে এই না যে, লীগের পুনর্বাসনের চেষ্টা করলেও আমরা চুপ করে থাকব। "মানবিকতা"র নাম ব্যবহার করে ছাত্রদের ওপর হামলাকারী ব্যক্তিদের পুনর্বাসন বা সম্মাননা দেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রোগ্রাম করছো, করো। কার কাছ থেকে টাকা নিয়ে কাকে মঞ্চে বসিয়েছো, সেটার দায়ও তোমাদের।

আরিফুল ইসলাম গাজী আরও লিখেছেন, কিন্তু আমাদের প্রশ্ন ২টা, এর জবাব আয়োজকদের দিতেই হবে: ১. নিরীহ মানুষের ওপর হামলাকারী কীভাবে মানবিক হয়? ২৪-এর ৪ আগস্ট চাম্বলে আমাদের ওপর সরাসরি গুলি চালানোর অভিযোগ যার বিরুদ্ধে, সেই হোছাইন কোন বিবেচনায় "মানবিকতার সম্মাননা" পায়? ২. সম্মাননা প্রদানের এসব টাকা কোথা থেকে আসলো? নাকি হামলাকারীদের নাম দেওয়ার বিনিময়ে দেওয়া টাকা নিয়ে এই আয়োজন করা হলো? তা খতিয়ে দেখা উচিত। শিল্পীর পরিচয়, মানবিকতার ব্যানার কিংবা অনুষ্ঠানের মঞ্চকে রাজনৈতিক পুনর্বাসনের জায়গা বানানোর চেষ্টা করো না। স্পষ্ট করে বলে রাখলাম, ছাত্রদের ওপর হামলার সঙ্গে জড়িত কাউকে সম্মানিত বা পুনর্বাসনের চেষ্টা হলে তার বিরুদ্ধে বাঁশখালীর ছাত্রসমাজ প্রকাশ্যে এবং কঠোরভাবে প্রতিবাদ করবে। ছবিতে প্রমাণ সহ দিলাম - আয়োজক কারা, পুরস্কার কে পাচ্ছে। বাঁশখালীর মানুষ বিচার করবে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আজগর হোসাইন ফাহিম বলেন, ‘আমাদের কোন ক্রেস্টে ব্যক্তির দলীয় রাজনৈতিক পরিচয় নেই। আর তাছাড়া এই হোছাইন মোহাম্মদ কে আমি ক্রেস্ট দেওয়ার অধিকার রাখি। আবার অনেকেই বলতেছে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টা। আরে ওনি তো বাঁশখালীতেই নেই, স্টেজে ওনার ক্রেস্ট ছিলো না, নামও ঘোষণা হয়নি, তাহলে কিভাবে ফেরার চেষ্টা বলবেন? যদি ক্রেস্ট দিয়ে স্বৈরাচার ফিরিয়ে আনা যায়, তাহলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগদের বলবো, আপনারা শেখ হাসিনা কে ক্রেস্ট দেন, ওনার নামে সম্মাননা অনুষ্ঠান করেন, ওনি হুট করে চলে আসবে।’

স্থানীয় সূত্রে জানা যায়, আজগর হোসাইন ফাহিম আওয়ামী লীগের আমলে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর নামে অসংখ্য গান গেয়েছেন।
744 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা