☰

বাঁশখালীতে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে ‘জুলাই বিদ্বেষী’ সাংবাদিক শফকত চাটগামী, সমালোচনার ঝড়

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
বাঁশখালীতে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে ‘জুলাই বিদ্বেষী’ সাংবাদিক শফকত চাটগামী, সমালোচনার ঝড় গত ১৬ জুলাই অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় অংশ নেন শফকত হোসাইন চাটগামী
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
গত ১৬ জুলাই বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবসে সর্বদলীয় সভা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণকারী বিভিন্ন দল ও ব্যক্তিরা ফ্যাসিস্ট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত এবং ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।

এদিকে উক্ত অনুষ্ঠানে বীরদর্পে অংশ নেন ‘জুলাই বিদ্বেষী’ সাংবাদিক হিসেবে পরিচিত শফকত হোসাইন চাটগামী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ফেসবুকে ছাত্র-জনতার বিরুদ্ধে ব্যাপক লেখালেখি করেন বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর কাছের লোক হিসেবে পরিচিত শফকত হোসাইন চাটগামী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আ. লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি সুবিধা নেওয়া ব্যক্তি শফকত চাটগামী। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রতিনিয়ত লেখালেখি করে মোস্তাফিজের বিশ্বস্ত মানুষ বনে যান তিনি। তার এসব বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করে।

ফেসবুকে নিন্দার ঝড়

গত ১৬ জুলাই শফকত হোসাইন চাটগামীকে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে দেখে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বোরহান উদ্দিন জায়েদ নামের এক জামায়াত নেতা লিখেছিলেন, ‘আজকের বাঁশখালী উপজেলা প্রশাসনের জুলাই শহীদ দিবসে জুলাই আন্দোলনকে 'না/শ/ক/তা' বলা সাংবাদিক নামের সাংঘাতিক শফকত চাটগামী নামের এই লোকটিও জায়গা করে নিল! খুবই লজ্জা জনক এবং দুঃখজনক।’

ফেসবুকের নিউজফিডে এখনও ঘুরে ‘জুলাই বিদ্বেষী’ চাটগামীর সেই স্ট্যাটাস

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় শফকত হোসাইন চাটগামী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘কোটা ইস্যুতে বাঁশখালীতে যাতে কেউ পরিস্থিতি ঘোলাটে করতে না পারে তার জন্য এমপি মুজিবুর রহমান সিআইপির নির্দেশনা’— শিরোনামে একটি পোস্ট দেন।

 ওই পোস্টে শফকত হোসাইন চাটগামী বাঁশখালীর সাবেক এমপি মুজিবুর রহমান সিআইপির বরাতে লিখেন, ‘আসসালামু আলাইকুম, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম পুকুরিয়া, কালীপুর, বৈলছড়ি, চাম্বল, গুণাগরী, পুঁইছড়িতে বিএনপি, জামায়াত-শিবির কোটা ইস্যুকে পুঁজি করে নাশকতা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ইতোমধ্যে সেখানে আমার লোকজনকে সজাগ থাকার নির্দেশনা দিয়েছি। প্রশাসন ও পুলিশ সজাগ এবং সতর্ক থেকে এলাকার শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি জনগণের জানমাল নিরাপত্তা দেয়ার অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে পুঁইছড়ি, চাম্বল ও গুণাগরী অতি গুরুত্বপূর্ণ। 

ধন্যবাদান্তে- 
মুজিবুর রহমান 
সংসদ সদস্য, 
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)।’

‘চাটগামী অতিরঞ্জিত হয়ে এসব লিখেছে, আমি তাঁকে কিছুই বলিনি’

এদিকে শফকত হোসাইন চাটগামীর এমন স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করার চেষ্টা করেছেন এ প্রতিবেদক। এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালীর সাবেক এমপি মুজিবুর রহমান সিআইপি বলেন, ‘২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আমি ছাত্রদের জন্য খাবার সরবরাহ করেছি। আন্দোলনের পর ছাত্ররা যখন ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করেছে, তখন আমি তাদের জন্য ছাতা ও খাবার সরবরাহ করেছি। এটি সবাই জানে। চাটগামী আমার বরাত দিয়ে যে স্ট্যাটাস দিয়েছে, সেটি আমার মতামতের ভিত্তিতে দেয়নি। আমার সাথে এ বিষয়ে কোনও কথা বলেনি। অতিরঞ্জিত হয়ে সে এই পোস্ট দিয়েছে।’


সরকার পতনের পর দুটি পত্রিকার প্রতিনিধিত্ব হারান চাটগামী

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের আগে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশ ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বাঁশখালী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন শফকত হোসাইন চাটগামী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিরোধিতার জের ধরে চাটগামীকে ওই দুটি পত্রিকা থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ।

৫ আগস্ট পরবর্তী শফকত হোসাইন চাটগামী ঢাকা থেকে প্রকাশিত এস আলম গ্রুপের মালিকানাধীন দৈনিক খবরের কাগজ ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গুর বাঁশখালী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেন।

যা বললেন সহকর্মীরা

জুলাই গণঅভ্যুত্থানে শফকত হোসাইন চাটগামী ছাত্র-জনতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার বিষয়ে বাঁশখালীতে কর্মরত সাংবাদিক মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘আমি জুলাই গণঅভ্যুত্থানকে স্মৃতিচারণ করে একটি নিবন্ধ লিখেছিলাম। সেখানে চাটগামীর জুলাই বিরোধী অবস্থানের কথা উল্লেখ করেছি। আমি ফেসবুকে ছাত্র-জনতার পক্ষে লেখালেখি করার কারণে আমাকে চাটগামী নানাভাবে চাপ দিয়েছিল। আবদুল আউয়াল টিপু নামের এক ছাত্রলীগ ক্যাডারকে দিয়ে ফোন করিয়েছিল আমাকে চাপে রাখার জন্য। কিন্তু আমি হার মানিনি। আজকে জুলাই বিরোধী চাটগামীকে প্রশাসন জুলাই শহীদ দিবসে আমন্ত্রণ জানাচ্ছে দেখে আমার আপসোস হয়, ঘৃণা হয়।

৫ আগস্টের পর ফেসবুক আইডি ডি-অ্যাকটিভ করেন চাটগামী

২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর শফকত হোসাইন চাটগামী জনরোষের হাত থেকে বাঁচতে তার ব্যক্তিগত দুটি ফেসবুক আইডি ডি-অ্যাকটিভ (নিস্ক্রিয়) করে দেন। পরে Safkat Chatgami New নামে একটি নতুন ফেসবুক আইডি চালু করেন। ওই আইডি থেকে এখনও নিয়মিত সক্রিয় শফকত হোসাইন চাটগামী। 

তবু জনরোষ থেকে বাঁচতে পারেননি

২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে জুলাই বিদ্বেষী আচরণের জের ধরে শফকত হোসাইন চাটগামীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। সেদিন চাটগামীকে মারধর করা হয় এবং মোবাইল ফোন ভাঙচুর করা হয়।

এ বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী সংগীতশিল্পী ও রিদম সুপার স্টুডিও’র স্বত্বাধিকারী নুরুল আবছার বলেন, ৫ আগস্ট বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছেলেপেলে চাটগামীর বাড়িতে জড়ো হয়। সেদিন চাটগামীকে ধাওয়া দেয় এবং মোবাইল ভাঙচুর করা হয়।

‘বাঁশখালী উপজেলা প্রশাসন কিছুতেই এর দায় এড়াতে পারে না’

গত ১৬ জুলাই বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় অংশ নেন জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম গাজী। তিনি ক্ষোভ ঝাড়লেন উপজেলা প্রশাসনের ওপর। আরিফুল ইসলাম গাজী বলেন, ‘চাটগামীর মতো স্বৈরাচারের দোসর কীভাবে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে দাওয়াত পায়? বাঁশখালী উপজেলা প্রশাসন কিছুতেই এর দায় এড়াতে পারে না।’

এ বিষয়ে জানার জন্য বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনকে একাধিকবার  ফোন দেওয়া হলেও সাড়া মেলেনি।
1111 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা