নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে>>
স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ এবং বিজ্ঞাপনকে কেন্দ্র করে চাপ সৃষ্টির অভিযোগ তুলে দৈনিক সময়ের আলোর বাঁশখালী প্রতিনিধির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ বেলাল উদ্দিন। গতকাল বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
বেলাল উদ্দিনের অভিযোগ, বিজ্ঞাপন না দেওয়ায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশের প্রস্তাব ও চাপ সৃষ্টি করা হয়েছে। বিষয়টি তিনি পত্রিকা কর্তৃপক্ষকে অবহিত করলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে তিনি বলেন, সাংবাদিকতা বিজ্ঞাপনের কাছে দায়বদ্ধ, নাকি সত্যের কাছে? বিজ্ঞাপন না পেলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুজব কিংবা ভিত্তিহীন সংবাদ প্রকাশের চর্চা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এমন পরিস্থিতিতে দায়িত্বে থাকা সমীচীন মনে না করায় সময়ের আলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।
তিনি আরও অভিযোগ করেন, তাঁর মাধ্যমে দৈনিক সময়ের আলোর অনলাইন ইনচার্জ জাকির ওসমান স্মার্ট গ্রুপের কাছে একটি প্রস্তাব পাঠান। এতে ৩ নভেম্বর দুপুর ২টার মধ্যে পত্রিকাটিতে ১০ লাখ টাকার বিজ্ঞাপন দেওয়ার কথা বলা হয়। অন্যথায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
বেলাল উদ্দিনের ভাষ্য, ওই প্রস্তাবের পর মুজিবুর রহমান তিন লাখ টাকার বিজ্ঞাপন দিতে সম্মত হন। তবে তাতেও সংশ্লিষ্টরা সন্তুষ্ট হননি। বিষয়টি পত্রিকা কর্তৃপক্ষকে জানানোর পর অনলাইন পোর্টাল থেকে মুজিবুর রহমানের নাম এবং ফটোকার্ড থেকে তাঁর ছবি সরিয়ে ফেলা হয়। এরপর মঙ্গলবার ১০ লাখ টাকার বিজ্ঞাপন না দেওয়াকে কেন্দ্র করে স্মার্ট গ্রুপের বিরুদ্ধে আবারও নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বেলাল উদ্দিন বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিজ্ঞাপনের জন্য চাপ সৃষ্টি কিংবা বিজ্ঞাপন না পেয়ে কারও বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশের সংস্কৃতির সঙ্গে তিনি একমত নন। এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে অভিযোগের সত্যতা নিয়ে কেউ প্রশ্ন তুললে তা প্রমাণের জন্য প্রস্তুত রয়েছেন বলে জানান।
তিনি বলেন, ‘এভাবে সাংবাদিকতা হয় না। সত্য ও ন্যায়ের প্রশ্নে আপস করার চেয়ে পদ ছেড়ে দেওয়া আমার কাছে অধিক সম্মানের।’
ফেসবুক পোস্টের শেষাংশেও স্মার্ট গ্রুপের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগের প্রতিবাদ জানিয়ে সময়ের আলোর বাঁশখালী প্রতিনিধির পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি স্পষ্ট করেন তিনি।