নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন দলটির নেতা লেয়াকত আলী। সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি এর আগে গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেয়াকত আলীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কারাদেশের প্রতিক্রিয়ায় লেয়াকত আলী বলেন, ‘বহিষ্কার মহিষ্কার আমার জন্য নতুন কিছু নয়। আগেও একাধিকবার আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছি। দল যাকে মনোনয়ন দিয়েছে, সেটি আমি মেনে নিতে পারিনি। দলের কাজ দল করেছে, আমার কাজ আমাকে করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই বহিষ্কারই শেষ কথা নয়। অনেকেই বহিষ্কার হয়ে পরে আবার প্রমোশন পেয়েছেন।’
দলীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী।
প্রাথমিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা লেয়াকত আলীর মনোনয়নপত্র বাতিল করলেও পরে নির্বাচন কমিশনে আপিল করে তিনি মনোনয়নপত্রের বৈধতা ফিরে পান।
এদিকে বুধবার চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাতজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এতে লেয়াকত আলী তাঁর পছন্দের প্রতীক ‘ফুটবল’ পান।
ফুটবল প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় লেয়াকত আলী বলেন, ‘বাঁশখালীর মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবল প্রতীক নিয়ে গোল করবো, ইনশাআল্লাহ।’
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলীকে এর আগেও একাধিকবার দল থেকে বহিষ্কার করা হয়েছিল।