☰

বাঁশখালী-পেকুয়া মৈত্রী সেতু: জায়গা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দল

সোমবার, ২৯ জুন ২০২৬
বাঁশখালী-পেকুয়া মৈত্রী সেতু: জায়গা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দল ছনুয়া-রাজাখালী সেতু স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
পেকুয়া উপজেলার রাজাখালী ও বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মধ্যবর্তী জলকদর খালের ওপর স্থায়ী সেতু নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতিনিধি দল।

এতে দুই ইউনিয়নের মানুষ আশায় বুক বেঁধেছে। তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেতু নির্মাণ হবে; এমনটি আশা প্রকাশ করেছেন।

সোমবার (২৯ জুন) ছনুয়া খয়রাতি ঘাট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর নির্দেশনায় পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ্ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেতু স্থাপনের জন্য স্থান পরিদর্শন করেন।

 এসময় পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির সভাপতি এম শাহনেওয়াজ আজাদ, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বাশার, বিএনপি নেতা নুরুল আবছার বদুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ্ বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় ছনুয়া-রাজাখালী সেতু স্থাপনের নির্ধারিত জায়গা পরিদর্শনে এসেছি। ব্রীজ যদি নির্মাণ হয়, তাহলে এই জায়গার মধ্যেই হবে। এই জায়গায় না হলে ব্রীজ হবে না। আশাকরি এই ব্রীজ নির্মাণ হলে রাজাখালী ও ছনুয়ার ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট বলেন, আজকে আমাদেরকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, দীর্ঘদিন ধরে ছনুয়া ও রাজাখালী ইউনিয়নের একাংশ দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার কারণে অবহেলিত। স্বাভাবিক জীবনযাত্রায় প্রতিনিয়ত বাঁধার সম্মুখীন হচ্ছে। সে বিষয়টি বিবেচনায় রেখে আপনাদের দাবির প্রেক্ষিতে সরজমিনে এসে কোন জায়গায় ব্রীজ করলে ছনুয়া ও রাজাখালী ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য সহজ হবে সেটি দেখার জন্য নির্দেশনা দিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। ইনশাআল্লাহ আপনাদের দাবি শিগগিরই পূরণ হবে।

এ বিষয়ে ছনুয়া উন্নয়ন পরিষদের সভাপতি লায়ন মো. আমিরুল হক এমরুল কায়েস বলেন, দীর্ঘদিন পর ব্রীজ হতে যাচ্ছে। এটি আসলে আমাদের কষ্টের ফসল। আমি এই স্থানে একটি ব্রীজ স্থাপনের জন্য সংগ্রাম করে আসছি দীর্ঘদিন। ব্রীজ স্থাপনের পূর্বশর্ত হিসেবে একটি সাঁকো স্থাপন করেছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দল ব্রীজ স্থাপনের জন্য স্থান পরিদর্শন করেছেন শুনে আমি খুবই আনন্দিত।


প্রসঙ্গত, ছনুয়া ইউনিয়নের খয়রাতি ঘাট ও রাজাখালী ইউনিয়নের মাতব্বরপাড়া এলাকায় এলজিইডির আইডিভুক্ত সড়ক রয়েছে। একটি পক্ষ ছনুয়া ছেলবন ও রাজাখালীর ভাঙাখালী এলাকায় ব্রীজ স্থাপনের দাবি জানালেও ওই জায়গায় এলজিইডির আইডিভুক্ত রাস্তা নেই। ফলে খয়রাতি ঘাট এলাকায় ব্রীজ করলে আইডিভুক্ত রাস্তার জটিলতা থাকবে না।
304 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা