☰

প্রথমে ডাকাডাকি, টিন কেটে ঘরে প্রবেশের পর দেখা গেল রুবেল আর বেঁচে নেই

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রথমে ডাকাডাকি, টিন কেটে ঘরে প্রবেশের পর দেখা গেল রুবেল আর বেঁচে নেই মৃত মোহাম্মদ রুবেল— ছবি বাঁশখালী টুডে
নিজস্ব প্রতিবেদক:
আফ্রিকার দেশ মোজাম্বিকে বসবাসরত চট্টগ্রামের বাঁশখালীর এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত প্রবাসীর নাম মোহাম্মদ রুবেল। তিনি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেলিয়াকাটা এলাকার বাসিন্দা জাকের হোসেনের বড় ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোজাম্বিকের জামবেজিয়া প্রদেশের মুরুমবালা জেলায় বসবাস করতেন রুবেল। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

সহকর্মী ও প্রবাসীদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার রাতে ঘুমানোর পর সকালে অনেক সময় পার হলেও তিনি ঘুম থেকে না ওঠায় পাশের বাসায় থাকা এক বাংলাদেশি তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে টিন কেটে ঘরে প্রবেশ করলে রুবেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে দ্রুত তাকে চিকিৎসার জন্য কিলিমান শহরের উদ্দেশ্যে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১০ সালের ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রুবেল ৭ বছর আগে পরিবারের মুখে হাসি ফোটাতে মোজাম্বিকে পাড়ি জমান।

তার মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
552 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা