☰

নেশাগ্রস্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধা মা, মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
নেশাগ্রস্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধা মা, মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড গ্রেপ্তার কামাল উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতভর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নয়াদিঘীর পাড় এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. কামাল উদ্দিন (৪৪)-কে নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত কামাল উদ্দিন নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। অভিযানের সময় দেখা যায়, তিনি তার ৮০ বছর বয়সী বৃদ্ধা বিধবা মাকে মারধর করে বিছানা থেকে ফেলে মাটির মেঝেতে ফেলে রেখেছেন। এছাড়া নেশাগ্রস্ত অবস্থায় নিজের মেয়ের সঙ্গেও অপ্রীতিকর আচরণ করেন। বাবার এমন নির্যাতন ও আতঙ্কের কারণে মাতৃহীনা মেয়েটির স্বাভাবিক জীবনযাপন ও লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।

অভিযান চলাকালে কামাল উদ্দিনের বৃদ্ধা মা ও মেয়ে তার দীর্ঘদিনের নির্যাতনের বর্ণনা দেন। এ সময় তার বসতঘরে মাদক সেবনের বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়।
এসব অভিযোগের সত্যতা এবং ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় মোবাইল কোর্ট তাকে সংশ্লিষ্ট আইনে এক (১) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, মাদক, জুয়া ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
874 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা