নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ এলাকায় শঙ্খ নদীতে রাজনৈতিক প্রভাব ও আশ্রয়-প্রশ্রয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ড্রেজার ও শ্যালো মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। রাতের আঁধারে কোটি কোটি টাকার বালু উত্তোলনের ফলে নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে।
স্থানীয়দের অভিযোগ, ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েকটি গ্রামের বিস্তীর্ণ এলাকা। আবাদি জমি, বসতভিটা এবং কোটি টাকার বেড়িবাঁধ বর্তমানে মারাত্মক হুমকির মুখে রয়েছে। নদীভাঙনের কারণে অনেক পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
এদিকে, স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
তাদের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই বছরের পর বছর ধরে এই অবৈধ বালু উত্তোলন চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিছু ডাম্পার বা বালুর স্তূপ জব্দ করা হলেও, অভিযোগ অনুযায়ী মূল হোতারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। ফলে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হয়ে বরং আরও বিস্তৃত হচ্ছে।
স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার দাপটে যারা নদীর পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।